নির্ধারিত রেকর্ড ডেটের আগে আজ ও আগামীকাল কেবল স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ গার্মেন্টস লিমিটেডের। পরে রেকর্ড ডেটের কারণে ৩ জানুয়ারি কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছিল দেশ গার্মেন্টস লিমিটেডের পর্ষদ। এরই মধ্যে এ স্টক লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সম্মতি পাওয়ার পর ৩ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ৪০ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৫ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ৭০ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর আগে ২০১৯-২০ হিসাব বছরে ৩ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৮-১৯ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় তারা। ২০১৭-১৮ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এছাড়া ২০১৬-১৭ হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

এদিকে চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৩ পয়সা।