সিঙ্গাপুরে বিনিয়োগ বাড়াতে চায় বিশ্বের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ব্ল্যাকস্টোন। দুই বছরের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নিজেদের প্রাইভেট ইক্যুইটি (পিই) ব্যবসা দ্বিগুণ করার কথা ভাবছে কোম্পানিটি। খবর রয়টার্স।
বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা ও শ্লথ অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ার মধ্যে আর্থিক খাতের বিনিয়োগকারীরা চীনের বিকল্প খুঁজছে। সে সুযোগ কাজে লাগাতে সিঙ্গাপুরে অফিস সম্প্রসারণ করে বৈশ্বিক সম্পদ ব্যবস্থাপকদের তালিকায় যোগ দিতে যাছে ব্ল্যাকস্টোন। প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ভোক্তা, আর্থিক সেবা ও মূল্য সংযোজন শিল্পসহ অন্যান্য খাতে বিনিয়োগ করবে ব্ল্যাকস্টোন। একই সঙ্গে ১৫ কোটি ডলারের স্বল্প পরিসরের বিনিয়োগেও মনোযোগ দেবে কোম্পানিটি।
প্রপার্টি খাতসহ প্রায় ১ ট্রিলিয়ন ডলার পরিমাণ সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক প্রাইভেট ইনভেস্টমেন্ট কোম্পানি ব্ল্যাকস্টোন। বিশ্বব্যাপী ব্যবসা পরিচালনার পাশাপাশি বিকল্প খাতে বিনিয়োগ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিনিয়োগ বৃদ্ধির এ উদ্যোগ কোম্পানিটিকে সম্প্রসারণের সুযোগ দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ব্ল্যাকস্টোনের এশিয়া পিইর ব্যবসায়িক প্রধান অমিত দীক্ষিত বলেন, ‘সিঙ্গাপুরে ব্যবসা সম্প্রসারণ আমাদের বিনিয়োগকারীদের আরো কাছাকাছি নিয়ে যাবে। এদের মধ্যে থাকবে সরকারি, পারিবারিক, অফিস ও ব্যক্তিগত বিনিয়োগ।’
তিনি জানিয়েছেন, ব্ল্যাকস্টোনের সিঙ্গাপুর পিই টিম দুই বছরের মধ্যে ছয় বা সাতজনে উন্নীত হবে। তাদের নেতৃত্ব দেয়ার জন্য মুম্বাই থেকে অরবিন্দ কৃষ্ণান নামে একজন ব্যবস্থাপনা পরিচালক যোগ দেবেন।
অমিত দীক্ষিত বলেছেন, ‘সিঙ্গাপুরে প্রপার্টি ব্যবসা কভিড-পরবর্তী সময়ে সত্যিই শক্তিশালী হয়েছে। ফলে এ ব্যবসা ভারত, চীন, কোরিয়া এমনকি বিশ্বব্যাপী ছড়িয়ে গেলেও তাদের কেন্দ্র সিঙ্গাপুরে থাকবে।’
সিঙ্গাপুরে এক দশকের বেশি সময় ধরে কাজ করছে ব্ল্যাকস্টোন। সেখানে ১০০ জনের বেশি পেশাদার কর্মী নিয়োগ দিয়েছে তারা।
এশিয়া পিইর দ্বিতীয় তহবিল গঠনে ১ হাজার ১০০ কোটি ডলার সংগ্রহ করেছে ব্ল্যাকস্টোন, যা এর আগের তহবিলের প্রায় তিন গুণ।
অমিত দীক্ষিত আরো জানিয়েছেন, দ্বিতীয় তহবিলের জন্য প্রায় ৫০ শতাংশ অর্থ এরই মধ্যে সংগ্রহ সম্পন্ন হয়েছে। এটি ৭৫ শতাংশে উন্নীত হলে তৃতীয় এশিয়া পিই ফান্ডের জন্য তহবিল সংগ্রহ শুরু করা হবে।
বিশ্লেষকরা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোয় এশিয়ার কিছু চুক্তির মধ্যে রয়েছে ২০২২ সালে ১৬০ কোটি ডলারে সিঙ্গাপুরের মেশিন ইন্ডাস্ট্রি কোম্পানি ইন্টারপ্লেক্সকে অধিগ্রহণ করা। পাশাপাশি গত বছর প্রতিদ্বন্দ্বী অ্যাপাক্স পার্টনারের কাছে ৪৫ কোটি ডলারে আইবিএস সফটওয়্যার সেবা বিক্রি করা।










