শিল্প এবং আর্থিক খাতের সমস্যা গুরুতর। যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সুরাহা করা সম্ভব নয়। দেশের আসন্ন জাতীয় নির্বাচনের পরে গঠিত একটি রাজনৈতিক সরকারের পক্ষেই সমস্যাগুলোর আশু সমাধান সম্ভব বলে মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে দেশের বর্তমানে বিরাজমান ব্যবসা বাণিজ্য বিশেষ করে আমদানি-রফতানি ও টেক্সটাইল শিল্প খাতের বিভিন্ন সমস্যার বিষয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সভায় রাজনৈতিক সরকারের পক্ষেই শিল্প ও আর্থিক সমস্যাগুলোর আশু সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল, ভাইস প্রেসিডেন্ট মো. শামীম ইসলাম ও মো. সালেউদ্দ জামান খান এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ব্যাংকিং, জ্বালানি, আমদানি-রফতানি সংক্রান্ত বিভিন্ন সমস্যার বিষয় উপস্থাপন করেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থাপিত সমস্যাবলী মনোযোগের সঙ্গে শুনেন এবং একমত পোষণ করেন। তিনি বলেন, বর্ণিত সমস্যাগুলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অন্যতম প্রধান অন্তরায়। শিল্প এবং আর্থিক খাতের এ সমস্যাগুলো গুরুতর যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সুরাহা করা সম্ভব নয়। তিনি দেশের আসন্ন জাতীয় নির্বাচনের পরে গঠিত একটি রাজনৈতিক সরকারের পক্ষেই সমস্যাগুলোর আশু সমাধান সম্ভব মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।