চীনের মূল ভূমিতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) ঊর্ধ্বমুখী রয়েছে। চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশটিতে এফডিআই প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। খবর সিনহুয়া।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনসুারে, জানুয়ারি-মে সময়ে চীন ৫৬ হাজার ৪২০ কোটি ইউয়ান বিদেশী বিনিয়োগ পেয়েছে। গত বছরের তুলনায় যা ১৭ দশমিক ৩ শতাংশ বেশি। ডলারের হিসাবে এফডিআইয়ের পরিমাণ ২২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৮ হাজার ৭৭৭ কোটি ডলারে পৌঁছেছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির পরিষেবা খাতে এফডিআই প্রবাহ ১০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪২ হাজার ৩৩০ কোটি ইউয়ানে পৌঁছেছে। যেখানে উচ্চপ্রযুক্তি শিল্পে বিদেশী বিনিয়োগ বাড়ার হার ৪২ দশমিক ৭ শতাংশ। বিশেষ করে উচ্চপ্রযুক্তির শিল্পোৎপাদন খাতে এফডিআই ৩২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। পাশাপাশি উচ্চপ্রযুক্তির পরিষেবা খাতে বেড়েছে ৪৫ দশমিক ৪ শতাংশ।

এছাড়া অঞ্চলভেদে চীনের কেন্দ্রীয় অঞ্চলে ৩৫ দশমিক ৬ শতাংশ, পশ্চিমাঞ্চলে ১৭ দশমিক ৯ শতাংশ এবং পূর্বাঞ্চলে ১৬ দশমিক ১ শতাংশ বেড়েছে। এ সময়ে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে বিনিয়োগ বেড়েছে যথাক্রমে ৫২ দশমিক ৮, ২১ দশমিক ১ ও ২১ দশমিক ৪ শতাংশ।