দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৪০ দশমিক ৭৩ শতাংশ বা ৪৬১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এ দশ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ওরিয়ন ইনফিউশনের ১৫ লাখ ১২ হাজার ৭১৯টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ৭১ কোটি ৯১ লাখ ৯১ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৬ দশমিক ৩৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৯ দশমিক ৯১ শতাংশ। আলোচ্য সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর দাঁড়িয়েছে ৪২২ টাকা ৪০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির দর ৭৬ টাকা থেকে ১ হাজার টাকার মধ্যে ওঠানামা করেছে।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ওরিয়ন ইনফিউশনের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৭ পয়সায়। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৪ টাকা ২২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ১০ পয়সায়।
এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওরিয়ন ইনফিউশন। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৬ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১২ টাকা ৬৬ পয়সা।









