দৃষ্টিজয়ীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ইজেনারেশন পিএলসি একজন দৃষ্টিজয়ীকে নিয়োগপত্র প্রদান করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের সিকিউরিটিজ কমিশন ভবনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক বঙ্গবন্ধু’র বর্ণাঢ্য জীবন ও আদর্শের উপর আলোচনাসভা, দোয়া এবং ‘দৃষ্টিজয়ীদের জন্য চাকরি মেলা’র আয়োজন করা হয়। উক্ত চাকুরি মেলায় পাঁচজন দৃষ্টিজয়ী অংশগ্রহণ করে চাকরি নিশ্চিত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বিশেষ অতিথি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও বিএসইসির কমিশনারদের উপস্থিতিতে ইজেনারেশন পিএলসির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান দৃষ্টিজয়ী আমরিন নাহার রিমিকে নিয়োগপত্র হস্তান্তর করেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এমপি দেশের উন্নয়নে তথা স্মার্ট অর্থনীতি ও পুঁজিবাজার গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিএসইসি’র ‘দৃষ্টিজয়ীদের জন্য চাকুরি মেলা’র আয়োজন এবং চাকরিতে নিয়োগদাতা প্রতিষ্ঠানসমূহ’র প্রশংসা করেন।

বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাধীনতার মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। ব্যাংক, বীমা তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথাও তিনি তার বক্তব্যে তুলে ধরেন। - বিজ্ঞপ্তি