৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদ। গত বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়।
ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৪ নভেম্বর বিকাল ৪টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। সিএসইর চট্টগ্রামের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ অক্টোবর।
এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সিএসই। তার আগের হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন স্টক এক্সচেঞ্জটির শেয়ারহোল্ডাররা। ২০১৮-১৯ ও ২০১৭-১৮ হিসাব বছরের জন্যও ৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেয় সিএসই। এছাড়া ২০১৬-১৭ হিসাব বছরের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল স্টক এক্সচেঞ্জটি।
সিএসইর মোট পরিশোধিত মূলধন রয়েছে ৫৩৪ কোটি ৫২ লাখ টাকা। এর বিপরীতে ১০ টাকা ফেসভ্যালুর ৬৩ কোটি ৪৫ লাখ শেয়ার রয়েছে এক্সচেঞ্জটির কাছে, যা থেকে সম্প্রতি ২৫ শতাংশ বা ১৫ কোটি ৮৫ লাখ শেয়ার কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি লিমিটেডের কাছে বিক্রি করার নীতিগত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট অনুসারে আরো ৩৫ শতাংশ বা প্রায় ২২ কোটি ২১ লাখ শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে হবে। আর স্টক এক্সচেঞ্জ সদস্যদের কাছে থাকবে ৪০ শতাংশ বা ২৫ কোটি ৩৮ লাখ শেয়ারের মালিকানা।










