ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অষ্টম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন সিনিয়র অর্থনীতিবিদ ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। ‘সাংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক বক্তৃতায় তিনি সুষমভাবে দেশের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরেন।
তিনি বলেন, সরকারের স্থিতিশীলতা নিশ্চিত করতে সাধারণ নির্বাচনে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নয়, বরং উচ্চকক্ষে আসন বরাদ্দ দেওয়া যেতে পারে। সংবিধান সংশোধন, সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব এবং অর্থ বিল ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত বলেও তিনি মত দেন। আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদকে সাংবিধানিক মর্যাদা দেওয়া এবং সব সাংবিধানিক পদে নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার পক্ষেও মত দেন সাবেক এ গভর্নর।
প্রশাসনিক সংস্কারের জন্য একটি দক্ষ উচ্চক্ষমতাসম্পন্ন কমিশন গঠনের সুপারিশ করেন তিনি। রাজধানী ঢাকার আশপাশের শহরতলিগুলোকে উন্নত করে দিল্লির আদলে একটি মেট্রোপলিটন অথরিটি গঠন জরুরি বলেও উল্লেখ করেন অধ্যাপক ফরাসউদ্দিন। তিনি বলেন, অটোমেশনের মাধ্যমে কর-রাজস্ব আহরণব্যবস্থা, প্রশাসনে নিরপেক্ষভাবে পদায়ন এবং ন্যায়নিষ্ঠভাবে দুষ্টের দমন ও শিষ্টের লালন নিশ্চিত করা গেলে স্বাধীনতার আকাঙ্ক্ষা অনুযায়ী সমতা, মর্যাদা ও সামাজিক ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব হবে। এসব অগ্রগতি অর্জন করা গেলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফকরুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রয়াত নেহরীন খানের স্বজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ড. আকবর আলী খানের কন্যা ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রী প্রয়াত নেহরীন খানের স্মরণে প্রতি বছর এ স্মৃতি বক্তৃতার আয়োজন করা হয়।- বিজ্ঞপ্তি










