ভিয়েতনামে আরো পাঁচটি নতুন শিল্পাঞ্চল স্থাপনের উদ্দেশ্যে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সেম্বকর্প ইন্ডাস্ট্রিজ। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে সিঙ্গাপুরভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় জ্বালানি ও নাগরিক সমাধান সরবরাহকারী প্রতিষ্ঠানটি। দীর্ঘদিনের অংশীদার ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত উন্নয়ন প্রতিষ্ঠান বিকামেক্স আইডিসির সঙ্গে যৌথভাবে এ শিল্পাঞ্চলগুলো স্থাপন করবে সেম্বকর্প। এর মাধ্যমে ভিয়েতনাম-সিঙ্গাপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কের (ভিএসআইপি) মোট সংখ্যা হবে ১৭টি। সিঙ্গাপুরে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন শিনের অফিশিয়াল সফরের তৃতীয় এবং শেষ দিনে এ উদ্যোগের সপক্ষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। খবর দ্য স্ট্রেইটস টাইমস।
১৯৯৬ সালে প্রথম ভিএসআইপি স্থাপিত হয়। ভিয়েতনামের সঙ্গে সিঙ্গাপুরের অর্থনৈতিক সম্পর্কের এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পাঞ্চলগুলো ভিয়েতনামের উত্তর, মধ্য ও দক্ষিণ প্রান্তে অবস্থিত। এগুলোয় মোট বিনিয়োগ হয়েছে ১৭ হাজার কোটি ডলার (২২ হাজার ৬০ কোটি সিঙ্গাপুর ডলার)। মোট কর্মসংস্থান হয়েছে তিন লাখের।
নতুন শিল্পাঞ্চলগুলো হবে স্মার্ট ও টেকসই। গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের পরিমাণ যথাসম্ভব কমিয়ে আনার ব্যবস্থা করা হবে। সম্ভাব্য সব ক্ষেত্রে সোলার প্যানেল ব্যবহার করা হবে বলে জানিয়েছে সেম্বকর্প। জ্বালানি, পানি, যাতায়াত ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়াদি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য রিয়েল টাইম ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করা হবে।
এর মধ্যে একটি শিল্পাঞ্চল স্থাপিত হবে উত্তর-মধ্য ভিয়েতনামের নে অ্যান প্রদেশে। সেখানে ২০১৫ সালে স্থাপিত ৭৫০ হেক্টর আয়তনের শিল্পাঞ্চলটিকে আরো ৫০০ হেক্টর বাড়ানো হবে। ভিয়েতনাম সরকার কর্তৃক এ বর্ধিতকরণের লাইসেন্স শুক্রবার সেম্বকর্প ও বিকামেক্সকে দেয়া হয়েছে। অন্য চারটি শিল্পাঞ্চলের অবস্থান এখনো চূড়ান্ত হয়নি।
সেম্বকর্প ডেভেলপমেন্টের নির্বাহী প্রধান ও ভিএসআইপি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট কেলভিন টিও উল্লেখ করেন, ২০২৩ সাল সিঙ্গাপুর ও ভিয়েতনামের মধ্যে কূটনৈতিক সম্পর্কের রজতজয়ন্তী এবং কৌশলগত অংশীদারত্বের দশক পূর্তির বছর। তিনি বলেন, ‘ভিয়েতনামের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর। কারণ অংশীদারত্বের উদ্দীপনা সমুন্নত রয়েছে।’ ভিএসআইপি প্রজেক্টের বিকাশে তিনি সংশ্লিষ্ট সব পক্ষের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
২০২২ সালের মে মাস পর্যন্ত প্রকাশিত তথ্যানুসারে, ভিয়েতনামে সিঙ্গাপুর দ্বিতীয় বৃহৎ বিনিয়োগকারী দেশ। সর্বমোট ৯ হাজার ৪৫০ কোটি ডলার ভিয়েতনামে বিনিয়োগ করেছে দেশটি।
শুক্রবারে তার কর্মসূচির অংশ হিসেবে সিঙ্গাপুরের সাংগ্রি-লা হোটেলে বক্তব্য দেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন শিন। এতে উভয় দেশের মোট ৫০০ জন ব্যবসায়ী ও কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। ২০২১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সিঙ্গাপুরে এটি শিনের প্রথম সরকারি সফর। ২০২৩ সালে আরো তিনটি ভিএসআইপি স্থাপিত হতে পারে বলে এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুটি দেশের মধ্যে ভালো সম্পর্কের এটি একটি প্রমাণ বলে তিনি জানান। এর ভিত্তিতে বিনিয়োগকারীরা অধিকতর বিনিয়োগে উৎসাহী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ফোরামে আরো বক্তব্য দেন সিঙ্গাপুরের মানবসম্পদমন্ত্রী ট্যান সি লেং। তিনি বলেন, ‘গত দশকে দুটি দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ ধারাবাহিকভাবে বেড়েছে। ফোরামে সিঙ্গাপুর ও ভিয়েতনামের ব্যবসায়ীদের অধিক উপস্থিতি অধিকতর অংশীদারত্বের সম্ভাবনার দিকে ইঙ্গিত করে।’










