ইউক্রেনের কাছ থেকে কয়েক লাখ টন খাদ্যশস্য কিনে চাহিদাসম্পন্ন দেশগুলোয় সরবরাহে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রেন্স ইন্ডাস্ট্রি গ্রুপ ইন্টারসেরেয়ালস।

রাশিয়া হামলা চালানোর পর থেকেই প্রতিবন্ধকতার মুখে ইউক্রেনের বিপুল কৃষিপণ্য রফতানি। ঝুঁকি বাড়ছে বৈশ্বিক খাদ্য সংকটের। কূটনৈতিকরা ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় বন্দর থেকে একটি সামুদ্রিক করিডোর তৈরিতে চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি ইউক্রেনে নতুন শস্য উত্তোলনের আগেই বিকল্প রফতানি রুট চালুরও চেষ্টা চলছে।

ফ্রান্সের সরকার এরই মধ্যে ইন্টারসেরেয়ালসসহ ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন। উদ্দেশ্য সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের কারণে প্রয়োজনীয় সমাধানে প্রস্তাব তুলে ধরা।

এর আগে প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো বৈশ্বিক খাদ্য নিরাপত্তার রূপরেখা পরিকল্পনা দিয়েছিলেন। পাশাপাশি ইউক্রেনের ওডিসা বন্দর থেকে রোমানিয়া পর্যন্ত রেল যোগাযোগ বাড়ানোর পরামর্শও দিয়েছিলেন।

ইন্টারসেরেয়ালের প্রেসিডেন্ট জ্যঁ-ফ্রাঙ্কোইস লুইস বলেন, সাময়িক মজুদের জন্য ২০-৩০ লাখ টন পর্যন্ত খাদ্যশস্য কেনার সক্ষমতা আছে ইইউর। ইউক্রেনের সীমান্তবর্তী ইইউর সদস্য দেশগুলোয় এসব শস্য মজুদ করে পরবর্তী সময়ে সেগুলো খাদ্য সংকটে থাকা নিম্ন আয়ের দেশগুলোয় রফতানি করা যেতে পারে। এতে ইউক্রেন শস্যের মজুদ নিয়ে যে জটিলতার মধ্যে পড়েছিল, সেটিরও সমাধান ঘটবে।