আধুনিক ডিজাইন, আরামদায়ক ব্যবহার ও উন্নত অডিও প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের বাজারে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড হাইফিউচারের ‘ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ-ইয়ার’ হেডফোন। দেশের আইসিটি পণ্য পরিবেশক ও সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড পণ্যটি বাজারজাত করছে।

হাইফিউচার ফ্লেক্সক্লিপে রয়েছে ওপেন ও ক্লিপ-ইয়ার ডিজাইন। প্রচলিত ইন-ইয়ার হেডফোনের তুলনায় এ ধরনের নকশা দীর্ঘ সময় ব্যবহারে আরাম দেয়ার পাশাপাশি ব্যবহারকারীর আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকার সুযোগ তৈরি করে। ক্লিপ-ইয়ার কাঠামোর কারণে হেডফোনটি কানে স্থিরভাবে থাকার সুবিধাও রয়েছে।

ওয়্যারলেস সংযোগের জন্য এতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ৫.৪ প্রযুক্তি। কলের সময় পরিষ্কার ভয়েস নিশ্চিত করতে রয়েছে চার মাইক এনভায়রনমেন্ট নয়েজ ক্যানসেলেশন কলিং সিস্টেম। নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, এ প্রযুক্তি আশপাশের অনাকাঙ্ক্ষিত শব্দ কমাতে সহায়তা করে।

অডিও পারফরম্যান্সের জন্য হেডফোনটিতে রয়েছে ১২ মিলিমিটার ড্রাইভার ও বেজ বুস্ট প্রযুক্তি। এর মাধ্যমে গান, ভিডিও ও অন্যান্য অডিও কনটেন্টে শক্তিশালী বেজ ও সমৃদ্ধ সাউন্ড দেয়ার দাবি করছে প্রতিষ্ঠানটি।

ব্যাটারি সক্ষমতার দিক থেকে একবার চার্জে সর্বোচ্চ ৩০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে স্মার্ট টেকনোলজিস। পাশাপাশি এতে রয়েছে ওয়াটার-রেজিস্ট্যান্স রেটিং, যা ঘাম ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষায় সহায়তা করবে। ফলে দৈনন্দিন ব্যবহার, ভ্রমণ ও হালকা আউটডোর কার্যক্রমে এটি ব্যবহারের উপযোগী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের বাজারে হাইফিউচার ফ্লেক্সক্লিপ বর্তমানে কালো ও শ্যাম্পেইন গোল্ড—দুই রঙে পাওয়া যাচ্ছে। এর খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৯৯ টাকা।