পেপসিকো (ট্রান্সকম বেভারেজেস লিমিটেড) ডিস্ট্রিবিউটরদের জন্য বিশেষভাবে তৈরি একটি কো-ব্র্যান্ডেড এসএমই ক্রেডিট কার্ড চালু করেছে মাস্টারকার্ড, সাউথইস্ট ব্যাংক পিএলসি ও এসএসএল কমার্জ। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে এ নতুন কার্ড উদ্বোধন করা হয়। কার্ডটি ডিস্ট্রিবিউটরদের ডিজিটাল পেমেন্টকে সহজ করবে এবং নিরাপদ আর্থিক ব্যবস্থাপনায় সহায়তা দেবে।
নতুন কার্ডের সুবিধার মধ্যে রয়েছে নিরাপদ ডিজিটাল পেমেন্ট, সহজ ক্রেডিট সুবিধা ও উন্নত আর্থিক ব্যবস্থাপনার সুযোগ। ডিস্ট্রিবিউটররা সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত বিনা সুদে ক্রেডিট সুবিধা পাবেন। এতে তাদের ক্রয়ক্ষমতা বাড়বে ও ব্যবসার গতিশীলতা বজায় থাকবে। নিরাপদ ক্রেডিট ব্যবহারের নীতিমালা ডিস্ট্রিবিউটরদের আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম বলেন, ব্যাংকটি সব সময় ব্যবসায়ীদের জন্য নতুন আর্থিক সমাধানে কাজ করে। কার্ডটি ডিস্ট্রিবিউটরদের আর্থিক ব্যবস্থাপনা সহজ করবে ও ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করবে।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, দেশের ক্ষুদ্র ব্যবসাগুলো অর্থনীতির বড় শক্তি। তাদের সক্ষমতা বৃদ্ধি ভবিষ্যতের বাণিজ্যকে আরো শক্ত ভিত্তি দেবে। তিনি জানান, এ সহযোগিতার মাধ্যমে মাস্টারকার্ড তাদের নিরাপদ প্রযুক্তি ও বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহার করে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে কাজ করছে।
পেপসিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রণব মেহতা বলেন, ডিস্ট্রিবিউটররা কোম্পানির সাফল্যের অন্যতম ভিত্তি। নতুন এ কার্ড তাদের সুবিধা বাড়াবে এবং ব্যবসায়িক সম্পর্ককে আরো শক্তিশালী করবে। তিনি বলেন, কার্ডটি ডিস্ট্রিবিউটরদের জন্য আধুনিক ও সহজ ডিজিটাল আর্থিক সুবিধা নিশ্চিত করবে।
এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি দেশের ব্যবসায়িক খাতে ডিজিটাল রূপান্তর এগিয়ে নিতে কাজ করছে। এ কার্ড এসএমই গ্রাহকদের জন্য দ্রুত, নিরাপদ ও স্মার্ট পেমেন্ট সমাধান দেবে। তিনি জানান, এসএসএল কমার্জের শক্তিশালী ডিজিটাল পেমেন্ট অবকাঠামো কার্ড ব্যবহারে আরো সুবিধা দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, পেপসিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রণব মেহতা, পেপসিকোর কান্ট্রি ম্যানেজার ও ফ্র্যাঞ্চাইজ ডিরেক্টর মুনীশ ধাওয়ান, এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, মাস্টারকার্ড বাংলাদেশের পরিচালক জাকিয়া সুলতানা এবং মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবায়ের হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা।
—বিজ্ঞপ্তি










