ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) পুঁজিবাজারে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধি ও লেনদেন বাড়ার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসই)। সম্প্রতি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, বসুন্ধরা পেপার মিলস ও পেপার প্রসেসিংয়ে অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির বিষয়টি তদন্ত করে দেখতে ডিএসইকে নির্দেশ দেয়া হয়েছে। তদন্তে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ২১ আগস্টের পর থেকেই ডিএসইতে বসুন্ধরা পেপারের শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৫০ টাকা ৯০ পয়সা। পরে ১০ কার্যদিস লেনদেন শেষে গত ৪ সেপ্টেম্বর শেয়াররটি দর বেড়ে দাঁড়ায় ৭৩ টাকায়। সে হিসেবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ২২ টাকা ১০ পয়সা বা ৪৩ দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর কমে ৬৬ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত ৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ৪১ লাখ ৭৮ হাজার ৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল এ লেনদেন ছিল ২৮ লাখ ১ হাজার ৬০৪টি।

অন্যদিকে চলতি বছরের ১০ আগস্টের পর থেকেই ডিএসইতে পেপার প্রসেসিংয়ের শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৭৫ টাকা ৫০ পয়সা। এরপর নয় কার্যদিবস লেনদেন শেষে ২৫ আগস্ট শেয়ারটির দর বেড়ে দাঁড়ায় ২৭২ টাকা। সে হিসেবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৯৬ টাকা ৫০ পয়সা বা ৫৪ দশমিক ৯৯ শতাংশ বৃদ্ধি পায়। পরে অবশ্য কোম্পানিটির শেয়ারদর কমতে থাকে। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২২২ টাকা ২০ পয়সায়।