দীর্ঘ তিন বছর লোকসানের পর প্রথমবারের মতো মুনাফার দেখা পেয়েছে নিশান। ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে মুনাফা পেয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। কভিড-১৯ মহামারীর কারণে সরবরাহ সংকট এবং এর ফলে ব্যয় বাড়াসহ নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয় প্রতিষ্ঠানটি। খবর এপি।
সম্প্রতি নিশান জানায়, ২০২১-২২ অর্থবছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা দাঁড়িয়েছে ২১ হাজার ৫৫০ কোটি ইয়েনে (১৭০ কোটি ডলার)। গত অর্থবছরে প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ ছিল ৪৪ হাজার ৮৭০ কোটি ইয়েন।
চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে নিশানের মুনাফার পরিমাণ ১ হাজার ৪২০ কোটি ইয়েনে (১১ কোটি ডলার) পৌঁছেছে। আগের বছর একই সময়ে প্রতিষ্ঠানটি ৮ হাজার ১০০ কোটি ইয়েন লোকসান গুনেছিল। নিশানের বার্ষিক বিক্রি ৭ শতাংশ বেড়ে ৬ হাজার ৫০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। গত বছর প্রায় ৩৯ লাখ ইউনিট গাড়ি বিক্রি করেছিল নিশান। এ বছর বিক্রি ৪০ লাখ ইউনিটে উন্নীত করার পরিকল্পনা প্রতিষ্ঠানটির।
এ বিষয়ে নিশানের প্রধান নির্বাহী কর্মকর্তা মাকোতো উচিদা বলেন, আগামী মাসগুলোয় সেমিকন্ডাক্টর সরবরাহ সংকট অব্যাহত থাকবে।










