ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ব্যাংক লিমিটেডের পর্ষদ। এ বন্ড ইস্যু করে ৬০০ কোটি টাকা সংগ্রহ করতে চায় তালিকাভুক্ত ব্যাংকটি। বন্ড ইস্যুর অর্থ দিয়ে ব্যাংকের টিয়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে ব্যাংকটি। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে ঢাকা ব্যাংক। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে জন্য মোট ১২ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে ৬ শতাংশ নগদ লভ্যাংশ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ। এরই মধ্যে ঘোষিত লভ্যাংশে এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে।