মালয়েশিয়ার গাড়ি শিল্পে নতুন ধারার সূচনা করল পেরোদুয়া। দেশটির বৃহত্তম এ অটোমেকার গত সোমবার স্থানীয় সক্ষমতায় তৈরি প্রথম বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উন্মোচন করেছে। কিউভি-ই মডেলের এ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

স্পোর্টব্যাক আকৃতির এ ইভি প্রকল্পের শুরু ২০২৩ সালে। এতে ব্যয় হয়েছে ৮০ কোটি রিঙ্গিত বা ১৯ কোটি ৪০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ। মডেলটির বেশির ভাগ যন্ত্রাংশ স্থানীয়ভাবে উৎপাদন হলেও ব্যবহার হয়েছে চীনের সিএটিএলের তৈরি লিথিয়াম আয়রন ফসফেট (এলএফপি) ব্যাটারি। কিউভি-ইর দাম নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার রিঙ্গিত বা ২৪ হাজার ডলারের বেশি। তবে এতে ব্যাটারির দাম অন্তর্ভুক্ত নয়।

কুয়ালালামপুরের কাছাকাছি স্মার্ট মবিলিট প্লান্টে নতুন গাড়িটি উৎপাদন করছে পেরোদুয়া। প্রাথমিকভাবে প্রতি মাসে দেড় হাজার গাড়ি উৎপাদনের সক্ষমতা রয়েছে প্লান্টটির।

কিউভি-ই মডেলে রয়েছে ৫২ দশমিক ৫ কিলোওয়াট-ঘণ্টা এলএফপি ব্যাটারি, যা একবার চার্জে ৪৪৫ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। অস্ট্রিয়ার ম্যাগনা স্টিয়ারের সঙ্গে যৌথভাবে তৈরি প্লাটফর্মে উন্নত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত রয়েছে। এর অন্যতম হলো চাইল্ড প্রেজেন্স ডিটেকশন, যা পেছনের সিটে নড়াচড়া বা শ্বাস-প্রশ্বাস শনাক্ত করতে পারে।

মালয়েশিয়ায় কিউভি-ই মডেলের মাধ্যমে প্রথমবার ‘ব্যাটারি অ্যাজ আ সার্ভিস’ চালু করেছে পেরোদুয়া, যেখানে গাড়ি ও ব্যাটারির মালিকানা আলাদা। এতে নয় বছরের লিজ চুক্তির মাধ্যমে ব্যাটারির পারফরম্যান্স ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সম্পূর্ণভাবে কোম্পানির ওপর থাকবে।

শুরুতে ৫২টির বেশি স্থানীয় সরবরাহকারীর সঙ্গে কাজ করেছে পেরোদুয়া। বৈদ্যুতিক প্রকৌশল, ব্যাটারি প্রযুক্তি ও ইভি ডিজাইন করেছে স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে অংশীদারত্বে। ২০৩০ সালের মধ্যে কোম্পানির সরবরাহকারীর সংখ্যা ৭০-এ পৌঁছতে পারে। শুধু চলতি বছরই স্থানীয় সরবরাহ বাবদ পেরোদুয়ার ব্যয় দাঁড়াবে ১ হাজার ১০০ কোটি রিঙ্গিতে।

মালয়েশিয়া আশা করছে, ২০৩০ সালের মধ্যে দেশটির মোট গাড়ি বিক্রির ২০ শতাংশ হবে ইভি এবং ২০৫০ সালের মধ্যে তা ৮০ শতাংশে পৌঁছাবে। গত বছর চীনা কোম্পানির সঙ্গে যৌথ অংশীদারত্বে মালয়েশিয়ায় ইভি উম্মোচন করে প্রোটন। সেই ই-এমএএস ৭ মডেলের পর গত মাসে উন্মোচন হয়েছে সাশ্রয়ী মূল্যের ই-এমএএস ৫।

চলতি বছর পেরোদুয়ার মোট বিক্রি ৩ লাখ ৫৯ হাজার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে, যা ইউনিট ভিত্তিতে আসিয়ান অঞ্চলে দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা হিসেবে কোম্পানিটির অবস্থানে ধরে রাখবে। সরকারি তথ্য অনুযায়ী, জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ১০ মাসে পেরোদুয়া বিক্রি করেছে ২ লাখ ৮৯ হাজার ২১০ গাড়ি। একই সময় প্রোটন বিক্রি করেছে ১ লাখ ২৫ হাজার ১২০ ইউনিট।

খবর নিক্কেই এশিয়া