গত সপ্তাহে প্রকাশিত সর্বশেষ অনিরীক্ষিত প্রতিবেদনে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় কর-পরবর্তী নিট লোকসান প্রায় ৬ শতাংশ বাড়ার চিত্র উঠে এসেছে। এ লোকসান বাড়ায় আলোচ্য সপ্তাহে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটির শেয়ারদর প্রায় ৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দর হারানোর তালিকায় শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে সমতা লেদার কমপ্লেক্সের শেয়ারদর ছিল ৭৪ টাকা ৯০ পয়সায়। সপ্তাহ শেষে এ দর কমে দাঁড়িয়েছে ৬৯ টাকা ৮০ পয়সায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ৮১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির মোট ৫ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসেবে এ লেনদেন ছিল ১ কোটি ১৫ লাখ ৬ হাজার ৮০০ টাকা।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সমতা লেদার কমপ্লেক্সের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২ লাখ ২১ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ লাখ ৯ হাজার টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট লোকসান বেড়েছে ৫ দশমিক ৭৪ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ পয়সা।