মালয়েশিয়ার বাজারে টানা তিন কার্যদিবস ধরে নিম্নমুখী রয়েছে পাম অয়েলের দাম। এ ধারাবাহিকতায় সর্বশেষ কার্যদিবসে দেশটিতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় টনে ২ রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) কমে এসেছে। তবে খাতসংশ্লিষ্টরা বলছেন, শীত মৌসুমেও মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের রফতানি বাড়তির দিকে রয়েছে। এ পরিস্থিতি আগামী দিনগুলোয় পাম অয়েলের দাম বাড়িয়ে দিতে পারে। খবর স্টার অনলাইন ও রয়টার্স।
টানা তিনদিনের মন্দা ভাবের ধারাবাহিকাতয় মালয়েশিয়ার বাজারে সর্বশেষ কার্যদিবসে পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে। দিন শেষে মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েলের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪২ রিঙ্গিত বা ৮৫১ ডলার ১৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় টনপ্রতি ২ রিঙ্গিত কম।
কুয়ালালামপুরের ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমতির দিকে রয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ কার্যদিবসে দশমিক ২ শতাংশ কমে গেছে। এর প্রভাব পড়েছে মালয়েশীয় পাম অয়েলের বাজারে। কমে গেছে পণ্যটির দাম। এমনকি বাড়তি রফতানির তথ্যও চাঙ্গা করতে পারেনি মালয়েশীয় পাম অয়েলের দাম।
চলতি মাসের প্রথম ২০ দিনে (১-২০ ডিসেম্বর) মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে পাম অয়েল রফতানি আগের মাসের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে বলে সাম্প্রতিক এক নোটে জানিয়েছে পণ্যবাহী কার্গো চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ইন্টারটেক টেস্টিং সার্ভিসেস। এ তথ্য আগামী দিনগুলোয় মালয়েশীয় পাম অয়েলের দাম বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।










