বিনিয়োগ ও ট্রেডিংয়ের নৈতিকতা নিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে যৌথভাবে একটি সেমিনারের আয়োজন করেছে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি ও ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুল। ট্রেড অপারেশনস অ্যান্ড ইথিক্যাল কনসিডারেশনস ইন স্টক ট্রেডিং শীর্ষক এ সেমিনারটি অনুষ্ঠিত হয় ব্র্যাক ইউনিভার্সিটি প্রাঙ্গণে।
সেমিনারে অংশগ্রহণ করেন ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল হকসহ অন্যান্য শিক্ষকরা। লংকাবাংলা সিকিউরিটিজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার ও ঢাকা সাউথ অঞ্চলের প্রধান মোহাম্মদ মাহমুদ এলাহী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেমিনারে ট্রেড অপারেশন, এক্সিকিউশন প্রসেস ও বিনিয়োগের নৈতিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে শিক্ষার্থীরা স্টক ট্রেডিংয়ের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ধারণা পায় ও নৈতিক দিকগুলো সম্পর্কে সচেতনতা অর্জন করে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সচেতন ও দক্ষ পুঁজিবাজার পেশাজীবী হিসেবে গড়ে তুলতেই লংকাবাংলা নিয়মিত এ ধরনের জ্ঞান বিনিময়মূলক সেমিনার আয়োজন করে যাচ্ছে। —বিজ্ঞপ্তি











