গ্রাহকদের বড় ধরনের প্রতিস্থাপন সুবিধা দিচ্ছে অটো জায়ান্ট টয়োটা। জাপানি কোম্পানিটি এক লাখের বেশি পিকআপ ও স্পোর্টস ইউটিলিটি ভেহিকলে (এসইউভি) নতুন ইঞ্জিন লাগিয়ে দিচ্ছে। খবর সিএনএন।
গত মাসের শুরুর দিকে ইঞ্জিনের সমস্যা দূর করতে প্রায় এক লাখ তুন্দ্রা পিকআপ ও সাড়ে তিন হাজার লেক্সাস লাক্সারি এসইউভি ফিরিয়ে নিয়েছিল টয়োটা।
ওই সময় বলা হয়েছিল, গাড়িগুলো চালানোর সময় কিছু বিভ্রাট ধরা পড়েছিল। মূলত ইঞ্জিনের শক্তি ক্ষয়ের সমস্যা খুঁজে পাওয়া যায় ওইসব বাহনে। এ সমস্যা দূর করার জন্যই এতদিন কাজ করছিল টয়োটা। এবার সমাধানও পাওয়া গেছে। এ হিসেবে ১ লাখ ৩ হাজার ৫০০ বড় ট্রাক ও এসইউভির ইঞ্জিন বদলে দিচ্ছে বিশ্বের শীর্ষ এ গাড়ি নির্মাতা।
২০২২ ও ২০২৩ সালে নির্মিত টয়োটা তুন্দ্রা ও লেক্সাস এলএক্স ৬০০ মডেলের ইঞ্জিনে এ সমস্যা দেখা দেয়। তবে প্রতিস্থাপনের আওতায় থাকছে না হাইব্রিড ধাঁচের গাড়ি। শুধু পেট্রলচালিত যানবাহনগুলোর ইঞ্জিন বদলে ফেলা হবে বলে জানিয়েছে টয়োটা। পেট্রলচালিত ও আইফোর্স ম্যাক্স হাইব্রিড সংস্করণ এ দুই ধরনের তুন্দ্রা ট্রাকই আছে টয়োটার মডেলে।
ধারণা করা হচ্ছে, উৎপাদন প্রক্রিয়ার সময় এসব গাড়িতে সমস্যার সূত্রপাত হতে পারে। ওই সময় ঘটনাক্রমে কিছু জঞ্জাল ইঞ্জিনের ভেতর চলে যেতে পারে। এ কারণে গাড়ি চলার সময় তৈরি হয় তীব্র আওয়াজ। ইঞ্জিনও মসৃণ গতিতে চলতে পারে না। এমনকি গাড়ি চলতে চলতে সম্পূর্ণ থেমে যাওয়ার নজিরও রয়েছে।
কোনো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের জন্য বিক্রি করা গাড়ি ফিরিয়ে এনে ইঞ্জিন প্রতিস্থাপন করে দেয়ার ঘটনা অনেকটা বিরল হলেও এটাই প্রথম নয়। উদাহরণ হিসেবে হুন্দাইয়ের নাম নেয়া যায়। ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি একই ধরনের সমস্যার কারণে সোনাটা মডেলের ৪ লাখ ৭০ হাজার গাড়ি ফিরিয়ে আনে।










