বিদায়ী বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) অ্যালুমিনিয়ামের
বৈশ্বিক উৎপাদন ২০১৮ সালের একই সময়ের তুলনায় ৯ শতাংশ কমেছে। এ পরিস্থিতি
অপরিবর্তিত রয়েছে নভেম্বরেও। ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউটের সর্বশেষ
প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর মেটাল মাইনর।
প্রতিবেদন অনুযায়ী, গত
বছরের নভেম্বরে বিশ্বজুড়ে ৫১ লাখ ৯০ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে। আগের
মাসে ধাতুপণ্যটির উৎপাদনের পরিমাণ ছিল ৫৩ লাখ ৫০ হাজার টন। সে হিসাবে এক মাসের
ব্যবধানে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন ১ লাখ ৬০ হাজার টন কমেছে।
চীন: বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী
দেশ চীন। দেশটিতে ব্যবহারিক ধাতুটির উৎপাদন কমেছে। তথ্যমতে, এ
সময়ে চীনের কারখানাগুলো সব মিলিয়ে ২৮ লাখ ৮০ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন করেছে।
অক্টোবরে দেশটিতে শিল্পপণ্যটি উৎপাদনের পরিমাণ ছিল ২৯ লাখ ৮০ হাজার টন। ২০১৮ সালের
নভেম্বরে এর পরিমাণ ছিল ৩০ লাখ ৪০ হাজার টন। অর্থাৎ এক মাস ও এক বছরের ব্যবধানে
চীনে অ্যালুমিনিয়ামের উৎপাদন কমেছে যথাক্রমে এক লাখ ও ১ লাখ ৬০ হাজার টন।
অন্যান্য দেশ: নভেম্বরে
গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত
(জিসিসি)
দেশগুলোর
(বাহরাইন,
কুয়েত,
কাতার,
ওমান,
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত) অ্যালুমিনিয়াম
উৎপাদন কমে ৪ লাখ ৮১ হাজার টনে নেমেছে। আগের মাসে উৎপাদন হয়েছিল ৪ লাখ ৯৪ হাজার
টন। অর্থাৎ এক মাসের ব্যবধানে এ অঞ্চলে ধাতুপণ্যটির উৎপাদন কমেছে ১৩ হাজার টন। তবে
এক বছরের ব্যবধানে জিসিসিভুক্ত দেশগুলোর অ্যালুমিনিয়াম উৎপাদন বেড়েছে। ২০১৮ সালের
নভেম্বরে এ অঞ্চলে পণ্যটির উৎপাদন দাঁড়িয়েছিল ৪ লাখ ৩২ হাজার টন।
একই পরিস্থিতি বিদ্যমান পূর্ব ও মধ্য
ইউরোপের দেশগুলোয়। এ অঞ্চল সম্মিলিতভাবে ৩ লাখ ৪৫ হাজার টন অ্যালুমিনিয়াম উৎপাদন
করেছে। একই বছরের আগের মাস ও ২০১৮ সালের একই মাসে উৎপাদনের পরিমাণ ছিল যথাক্রমে ৩
লাখ ৫৬ হাজার ও ৩ লাখ ৩২ হাজার টন। অর্থাৎ এক মাসের ব্যবধানে এ অঞ্চলে পণ্যটির উৎপাদন
কমেছে ১১ হাজার টন। তবে এক বছরের ব্যবধানে উৎপাদন বেড়েছে ১৩ হাজার টন।
এদিকে নভেম্বরে পশ্চিম ইউরোপের
দেশগুলো মিলে উৎপাদন করেছে ২ লাখ ৮২ হাজার টন অ্যালুমিনিয়াম। আগের মাসে উৎপাদন
হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টন ও আগের বছরের একই মাসে উৎপাদন হয়েছিল ৩ লাখ ১০ হাজার টন।
এক মাস ও বছরের ব্যবধানে অঞ্চলটিতে ব্যবহারিক ধাতুটির উৎপাদন কমেছে যথাক্রমে চার
হাজার ও ২৮ হাজার টন।
উত্তর আমেরিকার দেশগুলো উৎপাদন করেছে
মোট ৩ লাখ ১১ হাজার টন অ্যালুমিনিয়াম। আগের মাস ও আগের বছরের একই সময়ে উৎপাদনের
পরিমাণ ছিল যথাক্রমে ৩ লাখ ১৬ হাজার ও ৩ লাখ ১৮ হাজার টন। সে হিসাবে উভয় সময়ের
ব্যবধানেই এ অঞ্চলে পণ্যটির উৎপাদন যথাক্রমে পাঁচ হাজার ও সাত হাজার টন কমেছে।









