যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরক ও সুইজারল্যান্ডভিত্তিক শিপিং কোম্পানি এমএসসির বড় আকারের বন্দর অধিগ্রহণ পরিকল্পনা ইউরোপে বাধার মুখে পড়েছে। সিকে হাচিসনের বৈশ্বিক বন্দর ব্যবসার নিয়ন্ত্রণ যৌথভাবে নিতে চায় প্রতিষ্ঠান দুটি। হংকংয়ের ব্যবসায়ী লি কা-শিংয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান সিকে হাচিসন এখন নিজস্ব বন্দর ব্যবসার বড় অংশ বিক্রি করতে আগ্রহী। স্পেনের বার্সেলোনা বন্দরের টার্মিনাল অধিগ্রহণ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করতে যাচ্ছে ইউরোপীয় প্রতিযোগিতা কমিশন। খবর রয়টার্স।
বৈশ্বিক বন্দর ব্যবসার ৮০ শতাংশ বিক্রি করতে চায় সিকে হাচিসন। এর আর্থিক মূল্য প্রায় ২ হাজার ২৮০ কোটি ডলার। ২৩ দেশে ৪৩টি বন্দর নিয়ে গঠিত প্রতিষ্ঠানটির পোর্ট নেটওয়ার্ক। যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার প্রেক্ষাপটে এ অধিগ্রহণ প্রক্রিয়া রাজনৈতিকভাবেও সংবেদনশীল হয়ে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইউরোপিয়ান কমিশনের (ইসি) প্রাথমিক পর্যালোচনা আগামী ১০ ডিসেম্বর শেষ হবে। এর পরই পূর্ণাঙ্গ তদন্ত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশন এ বিষয়ে মন্তব্য করেনি। ব্ল্যাকরক, এমএসসি ও হাচিসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করা হয়নি।
হাচিসন নিয়ন্ত্রিত বার্সেলোনা টার্মিনালটি একই সময় একাধিক মেগা-শিপ পরিচালনা করতে পারে। এখানে রয়েছে আট ট্র্যাকবিশিষ্ট রেল সুবিধা। এটি ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইইউর সবচেয়ে বড় রেল টার্মিনাল হিসেবে পরিচিত। এ রেল নেটওয়ার্ক দক্ষিণ ইউরোপের বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহনকে সহজ করেছে।
সিকে হাচিসনের ইউরোপজুড়ে আরো বেশ কয়েকটি বন্দর রয়েছে। এর মধ্যে বেলজিয়াম, পোল্যান্ড ও নেদারল্যান্ডস উল্লেখযোগ্য। এগুলোও ইসির তদন্তের আওতায় পড়বে কিনা তা এখনো পরিষ্কার নয়। ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকা বন্দরগুলোর ক্ষেত্রে ইইউর পর্যালোচনা প্রযোজ্য নয়।
ব্ল্যাকরক ও এসএমসির অধিগ্রহণ প্যাকেজে পানামা খালের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি বন্দরও রয়েছে। যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের উত্তেজনার কারণে এসব বন্দর কেনাবেচা আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি নজর কাড়ছে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে প্রবেশের পর পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে একাধিকবার বক্তব্য রাখেন। এ নিয়ে পানামা সরকারও পাল্টা উত্তর দেয়। এমন এক উত্তেজনাকর পরিস্থিতিতে পানামা খালের বন্দরসহ নিজেদের বন্দর ব্যবসার বড় একটি অংশ বিক্রির উদ্যোগ নেয় হাচিসন।
পূর্ণাঙ্গ ইইউ তদন্ত সাধারণত কমপক্ষে চার মাস ধরে চলে।
চুক্তিটি অনুমোদন পেলে ব্ল্যাকরক ও এমএসসির জন্য বৈশ্বিক বন্দর ব্যবসায় প্রভাব বাড়ানোর বড় সুযোগ তৈরি হবে।










