জনপ্রিয় ইন্ডিয়ানা জোনস সিরিজের দ্বিতীয় কিস্তি ‘টেম্পল অব ডুম’। এ সিনেমায় যথারীতি আইকনিক ফেদোরা হ্যাটে নামভূমিকায় হাজির হয়েছিলেন হ্যারিসন ফোর্ড। ছবিতে ব্যবহৃত হ্যাটগুলোর একটি সম্প্রতি নিলামে ৬ লাখ ৩০ হাজার ডলার দাম পেয়েছে।  ১৯৮৪ সালের সিনেমাটির দৃশ্যায়নের সময় হারিসন ফোর্ডের স্টান্ট-ডাবল ডিন ফেরানদিনিও পরেছিলেন টুপিটি। আর ফেরানদিনির ব্যক্তিগত সংগ্রহ থেকে নিলামে উঠেছে এটি। এ ফেদোরা তৈরি করেছিল লন্ডনের হার্বার্ট জনসন হ্যাট কোম্পানি এবং এর ভেতরের আস্তরণে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ‘আইজে’। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে নিলামটি অনুষ্ঠিত হয়। একই নিলামে ৩ লাখ ১৫ হাজার ডলারে বিক্রি হয়েছিল ১৯৮৩ সালের স্টার ওয়ারস চলচ্চিত্র ‘রিটার্ন অব দ্য জেডি’তে ব্যবহৃত ইম্পেরিয়াল স্কাউট ট্রুপারের হেলমেট। এছাড়া ‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান’ সিনেমায় ব্যবহৃত ড্যানিয়েল র‍্যাডক্লিফের একটি আলো-জ্বলা জাদুদণ্ড ৫৩ হাজার ৫৫০ ডলার দাম পেয়েছে। ২০১২ সালে মুক্তি পাওয়া জেমস বন্ড চলচ্চিত্র ‘স্কাইফল’-এ ডেনিয়েল ক্রেইগের পরা একটি সুট ৩৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। এর আগেও ইন্ডিয়ানা জোনসে ব্যবহৃত ফেদোরা হ্যাট নিলামে উঠেছে। ‘টেম্পল অব ডুম’ সিনেমায় ব্যবহার করা আরেকটি হ্যাট ২০২১ সালে ৩ লাখ ডলার দাম পেয়েছিল। খবর ও ছবি বিবিসি