পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ যথাক্রমে বেলা ৩টা ও সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে পদ্মা ইসলামী লাইফের চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজের চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
পদ্মা ইসলামী লাইফ: সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি বীমা খাতের কোম্পানিটি। সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার ৬ কোটি ১৭ লাখ ৯০ হাজার টাকা কমে ৬ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকায় দাঁড়িয়েছে।
ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ: চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৬৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ কোটি ২৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৫৮ লাখ টাকা বা ২৫ দশমিক ৫৫ শতাংশ।










