রুশ জ্বালানি তেল রফতানির পরিমাণ ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগের তুলনায় চলতি বছর বাড়তে পারে। এমন দাবি করেছেন রাশিয়ার ফাস্ট ডেপুটি প্রাইম মিনিস্টার আন্দ্রে বেলোসভ। এর অর্থ হচ্ছে মস্কোকে লক্ষ করে পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। খবর আরটি।

রাষ্ট্রীয় তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ২৫ কোটি টনে, যা ২০২১ সালের তুলনায় ৭ শতাংশ বেশি।

কাউন্সিল ফর স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট অ্যান্ড ন্যাশনাল প্রজেক্টসের (কৌশলগত উন্নয়ন ও জাতীয় প্রকল্পসংক্রান্ত সভা) বৈঠকে বেলোসভ বলেছেন, ‘গত বছরের সমস্যাগুলো এ বছর সমাধান হয়েছে। পেমেন্ট ও কার্গো বীমা নিয়ে উদ্বেগ ছিল। ট্যাঙ্কারের মাধ্যমে জ্বালানি রফতানিও নিশ্চিত করা হয়েছে। রুশ জ্বালানি রফতানি ২০২১ সালের স্তরে পুনরুদ্ধার হয়েছে। এটি আমাদের বাজেটের জন্য স্বস্তিদায়ক।’

আন্তর্জাতিক চাপ ও বিশাল ঘাটতির পূর্বাভাস সত্ত্বেও এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মস্কোর অপরিশোধিত জ্বালানি তেল রফতানি আয় প্রায় দ্বিগুণ হয়েছে। রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, অক্টোবরে রাশিয়ার জ্বালানি তেল বিক্রি থেকে নিট আয় এসেছে ১ হাজার ১৩০ কোটি ডলার, যা দেশটির মোট নিট আয়ের ৩১ শতাংশ।