নির্ধারিত রেকর্ড ডেটের আগে আগামী সোম ও মঙ্গলবার কেবল স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকভুক্ত সেবা ও আবাসন খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং লিমিটেডের। এ সময়ে কোম্পানিটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে বুধবার লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইস্টার্ন হাউজিং। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এ বছরের ৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট বুধবার।
২০২১-২২ হিসাব বছরে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯৮ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এ বছরে ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪ টাকা ৭১ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৭০ টাকা ৩৩ পয়সায়।










