চীন থেকে অ্যালুমিনিয়াম পণ্য আমদানিতে শুল্কারোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এক তদন্ত শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইইউ। খবর রয়টার্স।
সিদ্ধান্ত অনুযায়ী ইইউর বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণকারী সংস্থা ইউরোপিয়ান কমিশন চীনা অ্যালুমিনিয়াম পণ্যের ওপর ২১ দশমিক ২ থেকে ৩১ দশমিক ২ শতাংশ পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করে। কমিশন জানায়, চীনা উৎপাদনকারীদের বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম অ্যাক্সট্রুশনসের (বার, রড, প্রোফাইল ও টিউব) ওপর এ শুল্ক আরোপিত হবে।
এর আগে গত বছরের অক্টোবরে তদন্ত চলাকালে ইউরোপিয়ান কমিশন চীনা অ্যালুমিনিয়াম পণ্যের ওপর সর্বোচ্চ ৩০ দশমিক ৪ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল। ফলে তদন্ত শেষে আরোপিত শুল্কের পরিমাণ আগের চেয়ে কমেছে। গত বছরের ফেব্রুয়ারিতে কমিশন পরিবহন, নির্মাণ ও বৈদ্যুতিক সামগ্রীতে ব্যবহার্য অ্যালুমিনিয়াম-সামগ্রীর দামের ওপর এ তদন্ত পরিচালনা করে। এর আগে ইউরোপিয়ান অ্যালুমিনিয়ামের শিল্পসংক্রান্ত একটি অংশ অভিযোগ জানায়, চীনা উৎপাদনকারীরা অন্যায়ভাবে কম মূল্যে অ্যালুমিনিয়াম-সামগ্রী বিক্রি করছেন। ইউরোপিয়ান অ্যালুমিনিয়ামের সদস্য নোর্ক্স হাইড্রো, রিও টিনটো ও অ্যালকো এ অভিযোগ দায়ের করে।
ইইউর সিদ্ধান্ত অনুযায়ী, গোয়াংডং হোমেই নিউ ম্যাটেরিয়ালস কোম্পানি লিমিটেড ও গোয়াংডং কিং মেটাল লাইট অ্যালয় টেকনোলজি কোম্পানি লিমিটেডের পণ্যের ওপর ২১ দশমিক ২ শতাংশ শুল্ক আরোপিত হবে। অন্যদিকে প্রেস মেটাল ইন্টারন্যাশনাল লিমিটেডের পণ্যের ওপর শুল্ক আরোপিত হবে ২৫ শতাংশ। এছাড়া অ্যালুমিনিয়াম উৎপাদনে সহযোগী কোম্পানিগুলোর পণ্যের ওপর ২২ দশমিক ১ শতাংশ হারে এবং অন্যান্য অ্যালুমিনিয়াম উৎপাদনকারী কোম্পানির পণ্যের ওপর ৩২ দশমিক ১ শতাংশ শুল্ক আরোপিত হবে।










