লন্ডনের আর্থিক কেন্দ্র ক্যানারি ওয়ার্ফে নতুন একটি টাওয়ার নির্মাণ করছে জেপি মরগান চেজ অ্যান্ড কোম্পানি। ব্যাংকটি বলছে, যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্য তাদের। তাই লেবার সরকার বাজেট ঘোষণার পর ভবন নির্মাণে কয়েক বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করতে যাচ্ছে। নির্মাণ ব্যয়সহ প্রকল্পটি ছয় বছরে স্থানীয় অর্থনীতিতে ৯৯০ কোটি পাউন্ড বা ১ হাজার ৩১০ কোটি ডলারের সমপরিমাণ মূল্য যোগ করবে এবং ৭ হাজার ৮০০ কর্মসংস্থান তৈরি করবে।

টেমস নদীর পাড়ে পরিকল্পিত ভবনটির আয়তন হবে ৩০ লাখ বর্গফুট, যা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভবন দ্য শার্ডের ফ্লোর স্পেসের দ্বিগুণেরও বেশি। লন্ডনে অবস্থিত দ্য শার্ডের আয়তন প্রায় ১৩ লাখ বর্গফুট। নতুন ভবনটি জেপি মরগানের নিউইয়র্কের পার্ক অ্যাভিনিউতে সদ্যনির্মিত ২৫ লাখ বর্গফুটের বৈশ্বিক সদর দপ্তরের তুলনায়ও বড় হবে। প্রকল্প সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, ভবনটির নির্মাণ ব্যয় হবে কয়েক বিলিয়ন পাউন্ড। এর নকশা বিশেষ করে উচ্চতা এখনো চূড়ান্ত হয়নি।

জেপি মরগান যে জায়গায় টাওয়ারটি নির্মাণ করছে, তা রিভারসাইড সাউথ নামে পরিচিত। ক্যানারি ওয়ার্ফ এস্টেটের পশ্চিমে টেমস নদীর তীরে ২০০৮ সালে এ জমি কিনেছিল প্রতিষ্ঠানটি। প্রথমে এখানে যুক্তরাজ্যের নতুন সদর দপ্তর নির্মাণের পরিকল্পনা ছিল জেপি মরগানের। কিন্তু বৈশ্বিক আর্থিক সংকটের পর সে পরিকল্পনা বাতিল করে লেহম্যান ব্রাদার্সের পুরনো অফিসে ফিরে যায় ব্যাংকটি। নতুন ভবনটির নকশা করছেন ফস্টার + পার্টনারস, যার প্রতিষ্ঠাতা আর্কিটেক্ট নরম্যান ফস্টার জেপি মরগানের নিউইয়র্ক সদর দপ্তরও ডিজাইন করেছিলেন।

গত বুধবার বাজেট ঘোষণা করেছেন ব্রিটিশ অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস, সেখানে ব্যাংক খাতে নতুন কোনো কর আরোপ করা হয়নি। বিষয়টি উল্লেখ করে জেপি মরগানের চেয়ারম্যান ও সিইও জেমি ডাইমন বলেন, ‘যুক্তরাজ্য সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার বিষয়টি আমাদের টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে।’ খবর ও ছবি রয়টার্স