চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকের (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) সংশোধন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মীর আকতার হোসেন লিমিটেড। এর ফলে আগের ঘোষণা অপেক্ষা প্রকৌশল খাতের কোম্পানিটির ইপিএস কমেছে ৩ পয়সা। তবে অন্যান্য তথ্য অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত পর্ষদ সভা থেকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে মীর আকতারের পর্ষদ। পরের দিন ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানায়, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে তাদের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। তবে সংশোধনের পর তিন পয়সা কমিয়ে এখন ইপিএস ধরা হয়েছে ১ টাকা ৮০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৭ পয়সা। তৃতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস হয়েছে ২৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৮ পয়সা।