রাজধানীতে বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত সড়কের নাম পরিবর্তন করে ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’ করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম নামফলক উন্মোচনের মাধ্যমে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ৫৩০ মিটার দৈর্ঘ্যের সড়কটি এতদিন ‘ফিনিক্স রোড’ নামে পরিচিত ছিল।

এ সময় ডিএসসিসি প্রশাসক বলেন, মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর ছিলেন দেশের একজন প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ। তার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ সড়কটির নামকরণ করা হয়েছে। এ ধরনের ব্যক্তিত্বের স্মরণ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সড়ক উদ্বোধনের পাশাপাশি জনস্বাস্থ্য ইস্যুতে গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের আগাম প্রস্তুতি জোরদার করা হয়েছে। এডিস মশা যেহেতু পরিষ্কার পানিতে জন্মায়, তাই জনগণের সচেতনতা এখানে সবচেয়ে জরুরি। আমি নগরবাসীকে অনুরোধ করব, আপনারা নিজ নিজ বাড়ি ও ছাদ পরিষ্কার রাখুন যাতে কোথাও পানি জমে না থাকে।

মশক নিধন কার্যক্রম প্রসঙ্গে তিনি আরো জানান, কার্যকর কীটনাশক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে। এরইমধ্যে নতুন ফগার মেশিন সংগ্রহের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে বর্তমান প্রশাসন জননিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।