পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংক লিমিটেড অনুমোদিত লেনদেন ১ হাজার কোটি টাকা বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করেছে। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
অনুমোদিত মূলধন বাড়াতে বাংলাদেশ ব্যাংক এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) অনুমোদন নিয়েছে ইউনিয়ন ব্যাংক। পাশাপাশি গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন নিয়েছে ব্যাংকটি।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৬ টাকা ৩৮ পয়সা।










