শীর্ষ ধনী ওয়ারেন বাফেটের সঙ্গে মধ্যাহ্নভোজনের জন্য ১ কোটি ৯০ লাখ ডলার ব্যয় করতে যাচ্ছে এক ব্যক্তি। সম্প্রতি নিউইয়র্ক সিটির একটি স্টিকহাউজে বাফেটের সঙ্গে একান্তে মধ্যাহ্নভোজনের সুযোগ পাবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি। খবর এপি।

ইবের মাধ্যমে মধ্যাহ্নভোজনের নিলাম ডেকেছিলেন বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও। সান ফ্রান্সিসকোভিত্তিক দাতব্য সংস্থা গ্লাইডের সহায়তায় যাবে এবারের অর্থ। সংস্থাটি গৃহহীন মানুষ ও দরিদ্রদের খাবার, আশ্রয়, এইচআইভি ও হেপাটাইসিস সির পরীক্ষার পাশাপাশি বিভিন্ন কাজের প্রশিক্ষণ ও শিশু সেবা দিচ্ছে। ২০০০ সাল থেকে এ নিয়ে ২১ বার মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাফেট। এর মাধ্যমে তিনি গ্লাইডের জন্য ৫ কোটি ৩০ লাখ ডলার সংগ্রহ করেছেন। এবারের মধ্যাহ্নভোজন ছিল ৯১ বছর বয়সী বাফেটের শেষ আয়োজন। করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে এ আয়োজন বন্ধ ছিল।

নিলামে বিজয়ী ব্যক্তি সর্বোচ্চ সাতজন অতিথি নিয়ে ম্যানহাটনের স্মিথ অ্যান্ড ওলেনস্কিতে বাফেটের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দিতে পারবে। এবার মধ্যাহ্নভোজে কে অংশ নিচ্ছে তা জানা যায়নি। এর আগেও অনেকে নাম প্রকাশ থেকে বিরত থেকেছেন। ইবের এক মুখপাত্র জানান, বাফেটের সঙ্গে মধ্যাহ্নভোজের টিকিট ছিল তাদের প্লাটফর্মে যেকোনো দাতব্য উদ্যোগে সর্বোচ্চ অর্থ সংগ্রহ।

প্রথম স্ত্রী সুসানের মাধ্যমে দাতব্য সংস্থাটির সঙ্গে পরিচিত হয়েছিলেন বাফেট। ২০০৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত সুসান বাফেট ছিলেন গ্লাইডের একজন স্বেচ্ছাসেবী।

ওয়ারেন বাফেট তার প্রায় সব সম্পদই দান করার অঙ্গীকার করে রেখেছেন। ফোর্বস সাময়িকীর বিলিয়নেয়ারের তালিকায় দেখা গিয়েছে, শুক্রবার নাগাদ বাফেটের সম্পদের পরিমাণ ছিল ৯ হাজার ৩৪০ কোটি ডলার। এর মাধ্যমে শীর্ষ ধনীর তালিকায় তার অবস্থান সপ্তম। প্রায় দুই দশক ধরে শীর্ষ ১০-এ অবস্থান করছেন এ বিনিয়োগকর্তা।