৩১ মার্চ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত ২০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্সে (বিও) পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে এফএমসিজি খাতের বহুজাতিক প্রতিষ্ঠানটি।

২০২১-২২ হিসাব বছরে ২০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের বাইরে ৬০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ম্যারিকো বাংলাদেশের ইপিএস হয়েছে ১১২ টাকা ৮২ পয়সা, যা এর আগের হিসাব বছরে ছিল ৯৮ টাকা ৬৯ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮৫ টাকা ৩৭ পয়সায়।