পাঞ্জাবসহ পুরো ভারতের বাজারে ইস্পাত ও ইস্পাতজাত পণ্যের দাম বাড়তে শুরু করেছে। এর জের ধরে শিল্প ধাতুটির মূল্যবৃদ্ধির লাগাম টানতে ইস্পাত রফতানিতে নিষেধাজ্ঞা চান পাঞ্জাবের ব্যবসায়ী ও রফতানিকারকরা। কেন্দ্রীয় সরকারের কাছে তাদের দাবি, অন্তত ছয় মাসের জন্য ইস্পাত রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হোক। পরবর্তী সময়ে দাম কমে এলে শিল্প ধাতুটি ফের রফতানি করা যাবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতের সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবে পাঁচ মাস আগে কোল্ড-রোলড শিটস (সিআরসি) ইস্পাতের দাম ছিল কেজিপ্রতি ৪২ রুপি (ভারতীয় মুদ্রা)। বর্তমানে এ গ্রেডের ইস্পাতের দাম কেজিপ্রতি ৬৫ রুপিতে উন্নীত হয়েছে। রাজ্যটিতে পাঁচ মাসের ব্যবধানে হট-রোলড শিটস (এইচআরসি) ইস্পাতের দাম কেজিপ্রতি ৩৬ থেকে বেড়ে বর্তমানে ৫৬ রুপিতে বিক্রি হচ্ছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, এভাবে দাম বাড়তে থাকলে ভারতের অবকাঠামো নির্মাণ শিল্প হুমকিতে পড়বে। ফলে দ্রুত ইস্পাত ও ইস্পাতজাত পণ্যের দামে লাগাম টানা জরুরি। তাই অন্তত ছয় মাসের জন্য হলেও ইস্পাত রফতানিতে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে পাঞ্জাবের ইস্পাত ব্যবসায়ী ও রফতানিকারকরা।