গম উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান পঞ্চম। দুই বছর ধরে দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদনে প্রবৃদ্ধি বজায় রয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ৫ কোটি ২২ লাখ ৫৮ হাজার টন গম উৎপাদন হয়েছে, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৮৬ শতাংশ বেশি। এর আগের বছর দেশটিতে ৮ দশমিক ২৯ শতাংশ বেড়ে মোট ৫ কোটি ১৩ লাখ ৬ হাজার টন গম উৎপাদন হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে কৃষিপণ্যটির উৎপাদন বেড়েছে ৯ লাখ ৫২ হাজার টন।
স্ট্যাটিস্টার এক হিসাবে বলা হয়েছে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে নর্থ ডাকোটায় সবচেয়ে বেশি গম উৎপাদন হয়েছিল। পরিমাণের হিসাবে তা ৩৬ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার বুশেল (প্রতি বুশেলে ৬০ পাউন্ড)। এ সময় কানসাসে উৎপাদন হয়েছিল ২৭ কোটি ৭৪ লাখ বুশেল। এর মধ্য দিয়ে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের শীর্ষ গম উৎপাদনকারী অঙ্গরাজ্যের স্বীকৃতি পায় নর্থ ডাকোটা। দ্বিতীয় অবস্থানে ছিল কানসাস।
তবে গত বছর এ চিত্রপট বদলে গেছে। নর্থ ডাকোটাকে হটিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি গম উৎপাদনকারী অঙ্গরাজ্যের স্বীকৃতি পেয়েছে কানসাস। এ সময় কানসাসে সব মিলিয়ে ৩৩ কোটি ৮০ লাখ বুশেল গম উৎপাদন হয়েছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টা। একই সময়ে নর্থ ডাকোটায় উৎপাদন হয়েছে ৩২ কোটি ৬০ লাখ ৬০ হাজার বুশেল গম।
সেই হিসাবে এক বছরের ব্যবধানে কানসাসে কৃষিপণ্যটির উৎপাদন বেড়েছে ৬ কোটি ৬ লাখ বুশেল। ২০১৯ সালে নর্থ ডাকোটায় গম উৎপাদন আগের বছরের তুলনায় ৪ কোটি ২৭ লাখ ২৩ হাজার বুশেল কমেছে।
গত বছর যুক্তরাষ্ট্রে গম উৎপাদনকারী অঙ্গরাজ্যগুলোর তালিকায় তৃতীয় শীর্ষ অবস্থানে ছিল মন্টানা। স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী, এ সময় অঙ্গরাজ্যটিতে সব মিলিয়ে ২১ কোটি ৯২ লাখ ৬৫ হাজার বুশেল গম উৎপাদন হয়েছে। আগের বছর কৃষিপণ্যটি উৎপাদনের পরিমাণ ছিল ১৯ কোটি ৭৬ লাখ ৩০ হাজার বুশেল।
যুক্তরাষ্ট্রে গম উৎপাদনকারী অঙ্গরাজ্যগুলোর শীর্ষ তালিকায় এর পরই ওয়াশিংটনের অবস্থান। স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী, এ অঙ্গরাজ্যে গত বছর ১৪ কোটি ২৭ লাখ ৩৫ হাজার বুশেল গম উৎপাদন হয়েছে। আগের বছর কৃষিপণ্যটি উৎপাদনের পরিমাণ ছিল ১৫ কোটি ৩২ লাখ ১০ হাজার বুশেল। ২০১৯ সালে শীর্ষ গম উৎপাদনকারী অঙ্গরাজ্যগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে থাকা ওকলাহোমায় ১১ কোটি বুশেল গম উৎপাদন হয়েছে। আগের বছর এ অঙ্গরাজ্যে সাত কোটি বুশেল গম উৎপাদন হয়েছিল বলে জানিয়েছে স্ট্যাটিস্টা।
স্ট্যাটিস্টার হিসাবে গত বছর যুক্তরাষ্ট্রে গম উৎপাদনকারী অঙ্গরাজ্যগুলোর শীর্ষ তালিকায় এর পরই যথাক্রমে ইডাহো, কলোরাডো, মিনেসোটা, টেক্সাস, সাউথ ডাকোটা ও ওরিগন অঙ্গরাজ্যের অবস্থান।










