চাকরিপ্রত্যাশীদের স্বপ্নের প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার সুযোগ করে দিতে ক্যারিয়ার ফেস্টিভ্যালের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি)। ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৫’ শীর্ষক এ ইভেন্ট আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলবে।
উৎসবে অংশ নিচ্ছে বিভিন্ন খাতের প্রায় ১৩০টি স্বনামধন্য দেশী-বিদেশী প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে ১২০০-এর বেশি শূন্য পদে নিয়োগ দেয়া হবে। আইইউবিএটির শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কাছে অনস্পট সিভি জমা, প্রাথমিক বাছাই ও সাক্ষাৎকারে অংশ নেয়ার সুযোগ পাবেন।
চাকরিপ্রত্যাশী তরুণদের জন্য এটি হবে প্রতিষ্ঠান প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের অনন্য সুযোগ, যেখানে তারা বিভিন্ন পদের জন্য প্রয়োজনীয় দক্ষতা, যোগ্যতা ও ক্যারিয়ার প্রস্তুতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা পাবেন।
দিনব্যাপী এ আয়োজনে ১০টি ক্যারিয়ার সেশন পরিচালনা করবেন অভিজ্ঞ এইচআর পেশাজীবীরা। পাশাপাশি থাকছে শীর্ষ করপোরেট নেতাদের নিয়ে একটি প্যানেল ডিসকাশন।
এবারের আয়োজনে টাইটেল স্পনসর হিসেবে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি। সহযোগিতায় রয়েছে এক্সিলেন্স বাংলাদেশ। আর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দ্য ডেইলি স্টার, দৈনিক বণিক বার্তা, দৈনিক আজকের পত্রিকা, ডেইলি ক্যাম্পাস। এছাড়া বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে কোকা-কোলা।—বিজ্ঞপ্তি










