বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শনিবার আইইউবি স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের অধীন ফার্মেসি বিভাগ এ আলোচনার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিম। বিশেষ অতিথি ছিলেন আইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য ও এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের (ইএসটিসিডিটি) ভাইস চেয়ারম্যান ড. হুসনে আরা আলী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের (পিসিবি) অ্যাক্রেডিটেশন কমিটির সভাপতি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) সদস্য অধ্যাপক মো. শাহ এমরান।

একাডেমিয়া-ইন্ডাস্ট্রি বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী; স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক (অপারেশনস) মো. মিজানুর রহমান; ডিবিএল ফার্মাসিউটিক্যালসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. তানভীর সজীব; এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক (অপারেশনস) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সার্ভিয়ার বাংলাদেশ অপারেশনসের পরিচালক (মার্কেটিং) মহিউদ্দিন আন্দালিব। সঞ্চালনায় ছিলেন আইইউবির ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. আকিব বিন রহমান।

অনুষ্ঠানে আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন ড. কামরান উল বাছেত এবং বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া স্বাগত বক্তব্য দেন আইইউবির ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. নাসরীন আক্তার।

দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে ছিল বৈজ্ঞানিক পোস্টার প্রদর্শনী; এতে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ। মূল অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইইউবি ফার্মেসি বিভাগের প্রভাষক নাঈমা নুসরাত জাহান ও রাফিয়া রোকাইয়া হোসেন।