বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আজ ও আগামীকাল কেবল স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল)। এ সময় কোম্পানিটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে এ-সংক্রান্ত রেকর্ড ডেট উপলক্ষে বৃহস্পতিবার কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুসারে সম্মিলিতভাবে স্থানান্তরকারী তিন কোম্পানির সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে চলতি বছরের ৯ নভেম্বর বেলা ১১টায় ইজিএম আহ্বান করেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিটি ইউনাইটেড আনোয়ার পাওয়ার লিমিটেড, ইউনাইটেড এনার্জি লিমিটেড ও ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেডের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তথ্য অনুসারে, ইউনাইটেড পাওয়ার কোম্পানি তিনটির সঙ্গে একীভূত হলে তাদের ব্যবসায় টিকে থাকার সক্ষমতা বাড়বে।










