পর্যটনের ওপর ভর দিয়ে সামনের দিকে এগোচ্ছে থাইল্যান্ডের অর্থনীতি। গত বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। পর্যটনের পাশাপাশি ভোক্তাদের কেনাকাটার পরিমাণও বেড়েছে। কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, দেশটির রফতানি পরিস্থিতির উন্নতি হয়নি। গত বছরের চেয়ে বাড়লেও রফতানি বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন দেখা গেলে প্রবৃদ্ধি আরো ভালো হতো। খবর এএফপি।

দেশটির ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিলের তথ্য অনুযায়ী, এ প্রবৃদ্ধির মূল কারণ হলো পর্যটন খাতের পুনরুদ্ধার। সেই সঙ্গে অভ্যন্তরীণ বাজারে চাহিদা, ভোগ ও বিনিয়োগ বৃদ্ধি।

থাইল্যান্ডের জাতীয় আয়ের এক-পঞ্চমাংশই আসে পর্যটন খাত থেকে। গত বছর দেশটিতে প্রবেশ করেছেন ১ কোটি ১২ লাখ বিদেশী পর্যটক। 

পর্যটনের বাইরে অবস্থান ফেরাতে পারেনি রফতানি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে এখনো থাই পণ্যের চাহিদা ফেরেনি। সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারী ও ক্রেতারা এখনো দেখেশুনে সিদ্ধান্ত নেয়ার পর্যায়ে রয়েছেন।