মন্ত্রণালয় থেকে বেঁধে দেয়া তিন পণ্যের (ডিম, আলু, পেঁয়াজ) দাম কার্যকর করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মাঠে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের মাধ্যমে বেঁধে দেয়া নির্ধারিত দাম কার্যকর করার চেষ্টা চলছে।’ গতকাল রংপুরে নগরীর লেকসিটি পার্ক বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বাজারের চিত্র বলছে, বেঁধে দেয়া দাম অনুযায়ী আলুর কেজি ৩৫ থেকে ৩৬ টাকা, পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা ও প্রতি পিস ডিম বিক্রি হওয়ার কথা ছিল ১২ টাকা। কিন্তু প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা, প্রতি কেজি দেশী পেঁয়াজ ৯০ টাকা ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি করে। এছাড়া প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকা ৭৫ পয়সা দরে। পেঁয়াজ, আলু ও ডিম—এ তিন পণ্যের দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু বাজারের চিত্র ভিন্ন। সরকার নির্ধারিত দামের তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা।

এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যে লক্ষ্য নিয়ে আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করা হয়েছে তা অর্জন হয়নি। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মাঠে কাজ করছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বেঁধে দেয়া নির্ধারিত দাম কার্যকর করার চেষ্টা চলছে। চেষ্টা করা হচ্ছে। দাম আর বাড়েনি। তবে যে লক্ষ্য ছিল সেটা এখনো পূরণ হয়নি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চেষ্টা করছে।’

বাজার ঘুরে খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারের বেঁধে দেয়া দামে পাইকারিতেও কিনতে পারছে না, তাহলে বিক্রি করব কীভাবে। অন্যদিকে ক্রেতারা বলছেন, সরকারের বেঁধে দেয়া দাম কেউই মানছে না। ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়ে রেখেছেন। বাজার মনিটরিং নেই বলে ব্যবসায়ীরা পণ্যের দামে কারসাজি করছেন।

দেশে পণ্য আমদানির ব্যয় নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমদানি করলে তো ব্যয় বাড়বে। এতে সমস্যা তো কিছু নেই। এর বিপরীতে রফতানি বেড়েছে ১০ শতাংশ। আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা গত মাসে রেমিট্যান্স কম এসেছে। এখানে একটু সমস্যা হয়েছে।’

বাংলাদেশী পাটজাত পণ্য রফতানিতে ভারতের শুল্ক আরোপ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে তার পেছনে যে যুক্তি দেখিয়েছে তা হলো আমরা ভর্তুকি দিয়ে পাটপণ্য রফতানি করে তাদের বাজার নষ্ট করছি। ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ প্রত্যাহারে আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি। চেষ্টা অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশে খাদ্যে মূল্যস্ফীতি ১২ শতাংশের কিছু বেশি। মূল্যস্ফীতির এ পরিসংখ্যান প্রকাশের পর নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম তখনকার তুলনায় আরো বেড়েছে।