দেশের কৃষি ও খাদ্যনিরাপত্তায় ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে এবারের আয়োজনে ১২টি শ্রেণীতে পুরস্কার দেয়া হবে। রাজধানীর একটি হোটেলে গতকাল এসসিবি ও চ্যানেল আইয়ের যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় জানানো হয়, এবারের কৃষি অ্যাওয়ার্ডে ব্যক্তিপর্যায়ে আজীবন সম্মাননা, সেরা কৃষক (নারী ও পুরুষ), পরিবর্তনের নায়ক, সেরা কৃষি সাংবাদিক, সেরা মেধাবী সংগ্রামী কৃষক (নারী ও পুরুষ) ও ছাদকৃষিসহ বিভিন্ন শ্রেণীতে পুরস্কার দেয়া হবে। এছাড়া প্রতিষ্ঠান পর্যায়ে কৃষি খাতে গবেষণা ও উদ্ভাবনে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, কৃষি সহায়তা ও বাস্তবায়নে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং বছরের শ্রেষ্ঠ কৃষিপণ্য রফতানিকারক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। সব মিলিয়ে উভয় পর্যায়ে মোট ১২টি শ্রেণীতে ‘কৃষি অ্যাওয়ার্ড ২০২৬’ দেয়া হবে।

সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয় বলেন, ‘চ্যানেল আইয়ের সঙ্গে উন্নয়নের এ যাত্রায় কাজ করতে পেরে আমরা গর্বিত। দেশের মানুষদের প্রতি আমরা কৃতজ্ঞ, যারা এ পুরস্কারকে প্রেরণার উৎসে পরিণত করেছেন।’ পুরস্কারপ্রাপ্তদের এক-একজন বাংলাদেশের জলবায়ু সংকট মোকাবেলা এবং খাদ্যনিরাপত্তা জোরদার করতে উদ্ভাবন ও নিষ্ঠার যথাযথ উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক পথচলা দেশের কৃষি খাতের প্রতি আমাদের গভীর দায়বদ্ধতারই প্রমাণ। আমরা অত্যন্ত গর্বিত যে এ অ্যাওয়ার্ড প্লাটফর্মের মাধ্যমে এমন সব আলোকিত মানুষদের সম্মান জানাতে পারছি, যারা নিজেদের মেধা, ঘাম ও পরিশ্রমে দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত মজবুত করে চলেছেন।’

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘গত এক দশক এ অ্যাওয়ার্ড তৃণমূলের অদম্য কৃষক, খামারি এবং কৃষি উদ্যোক্তাদের সাফল্যের গল্পগুলো দেশবাসীর সামনে তুলে ধরছে। আমি বিশ্বাস করি, এ স্বীকৃতি নতুন প্রজন্মকে কৃষিপেশায় আসতে এবং ভবিষ্যতের টেকসই ও স্মার্ট কৃষি গড়তে আরো বেশি অনুপ্রাণিত করবে।’

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ‘কৃষি অ্যাওয়ার্ড ২০২৬’-এর আনুষ্ঠানিক আবেদন গ্রহণ এরই মধ্যে শুরু হয়েছে, যা চলবে ৩০ জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে জমাকৃত আবেদনগুলো শিক্ষাবিদ এবং স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ জুরি প্যানেল দ্বারা মূল্যায়ন করা হবে। যাচাই-বাছাই ও বিচারকদের পর্যালোচনার পর চূড়ান্ত হবে বিজয়ীদের নাম। চলতি বছরের শেষদিকে ঘোষণা করা হবে পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীতদের নাম।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এসসিবির কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরীসহ অনেকে।