পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই ফরমুলেশনস লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সদ্যসমাপ্ত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইসিএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এসিআই ফরমুলেশনসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৪ কোটি ২৯ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ কোটি ৩৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ২ কোটি ৯৪ লাখ টাকা বা ১৩ দশমিক ৭৭ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ১৪ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৫২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৮৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৩ টাকা ৫৯ পয়সায়।
এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে এসিআই ফরমুলেশনস। এর মধ্যে ৩০ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ২০১৯-২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।









