মে মাসে যুক্তরাষ্ট্রের শিল্পোৎপাদন কার্যক্রম আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে। মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে মুদ্রানীতি কঠোর করেছে ফেডারেল রিজার্ভ। এর জের ধরে দেশটির অর্থনৈতিক কার্যক্রম শ্লথ হয়ে পড়েছে। খবর রয়টার্স।

গত মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রম অব্যাহতভাবে নিম্নমুখী ছিল। এ নিয়ে টানা তিন মাস যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক কার্যক্রম কমেছে। গত মাসে বাড়ি নির্মাণসহ দেশের খুচরা বিক্রিতে নিম্নমুখী প্রবাহ দেখা দিয়েছে। পণ্য কেনার চেয়ে মার্কিনরা পরিষেবার দিকে বেশি ঝুঁকেছেন। এর জের ধরেই যুক্তরাষ্ট্রে শিল্পোৎপাদন কারখানার উৎপাদনের চিত্র নিম্নমুখী ছিল বলে জানান বিশ্লেষকরা।

এ বিষয়ে ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ অ্যান্ড্রু হানটার বলেন, এতে প্রমাণিত হয় যে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়েছে। তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দা আসন্ন।

গত মাসে যুক্তরাষ্ট্রে শিল্পোৎপাদন শূন্য দশমিক ১ শতাংশ কমেছে। অথচ অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল, মে মাসে শিল্পোৎপাদন শূন্য দশমিক ৩ শতাংশ বাড়বে। ফেডারেল রিজার্ভের তথ্য বলছে, চলতি বছরের এপ্রিলে শিল্পোৎপাদন শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছিল।

পণ্যের চাহিদাই শিল্পোৎপাদন খাতে প্রবৃদ্ধি আনে। যুক্তরাষ্ট্রের অর্থনীতির ১২ শতাংশই আসে এ খাত থেকে। তবে বর্তমান চিত্র বদলেছে। পণ্যের চেয়ে পরিষেবার পেছনে বেশি ব্যয় করছেন মার্কিন ভোক্তারা। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করেছে। এ সংকটে নতুন করে ইন্ধন জুগিয়েছে চীনের লকডাউন।

সম্প্রতি কনফারেন্স বোর্ডের এক প্রতিবেদনে বলা হয়, গত মাসে শীর্ষ অর্থনৈতিক সূচক শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে, যদিও এটি রেকর্ড সর্বোচ্চ হারের কাছাকাছি।

এদিকে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভের এক সমীক্ষায় দেখা যায়, চলতি মাসে নিউইয়র্কের কারখানাগুলোর কার্যক্রম শ্লথ ছিল। একই চিত্র দেখা গিয়েছে মধ্য আটলান্টিক অঞ্চলেও। ফিলাডেলফিয়ায় শিল্পোৎপাদন কার্যক্রমের রিডিং ২০২০ সালের মে মাসের পর এই প্রথম ঋণাত্মক ছিল।

এ বিষয়ে সিটি গ্রুপের অর্থনীতিবিদ ভেরোনিকা ক্লার্ক জানান, উচ্চ সুদহার, কঠোর আর্থিক পরিস্থিতি ও দুর্বল চাহিদা ব্যবসায় বিনিয়োগে প্রভাব ফেলার ইঙ্গিত এটি।

খাদ্য ও জ্বালানির মতো ননডিউরেবল পণ্যের উৎপাদন বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। মূলত পেট্রোলিয়াম ও কয়লাজাত পণ্য বাড়ার কারণেই সংশ্লিষ্ট খাত ঊর্ধ্বমুখী ছিল। এছাড়া অটোমোবাইল কারখানায় উৎপাদন বেড়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। এপ্রিলে এ হার ছিল ৩ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে টেকসই পণ্য উৎপাদন কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। কাঠজাত পণ্য ও যন্ত্রাংশ উৎপাদন কমায় এ খাতে নিম্নমুখী প্রবাহ ছিল।