এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম আট সপ্তাহের সর্বনিম্নে নেমে গেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নিম্নমুখী চাহিদা ও বাড়তি মজুদ জ্বালানি পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া ইউরোপে এলএনজির দরপতনও এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম কমার পেছনে অন্যতম ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন তারা। খবর রয়টার্স ও বেয়ার্ড মেরিটাইম।

শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় দাম ছিল ১০ ডলার ৯০ সেন্ট, আগের সপ্তাহে যা ছিল ১১ ডলার ৬৬ সেন্ট।

ড্যাভেনপোর্ট এনার্জির ম্যানেজিং পার্টনার টবি কপসন বলেন, ‘এশিয়ার স্পট মার্কেটে এলএনজির চাহিদা কমেছে। এছাড়া পণ্যটির মজুদও বেশি। এ কারণে দাম আরো কমে এসেছে। সামনের দিনগুলোয় আবহাওয়ার প্রভাব এলএনজির দামে বড় ভূমিকা রাখবে।’

ডাটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান কে’প্লারের প্রিন্সিপাল গ্যাস অ্যান্ড এলএনজি অ্যানালিস্ট রোনাল্ড পিন্টো জানান, দক্ষিণ কোরিয়ায় বিদ্যুৎ উৎপাদন খাতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমেছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও পণ্যটির ক্রয় কম। পাশাপাশি ঊর্ধ্বমুখী মজুদের কারণে এ সপ্তাহেও এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দরপতন অব্যাহত থাকতে পারে।

তিনি আরো জানান, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী সরবরাহ এবং জাপানের কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর অনুমোদনের পরও এলএনজির দাম বাড়েনি। বিশ্বের সবচেয়ে বড় এ পারমাণবিক কেন্দ্রটি আঞ্চলিক কর্তৃপক্ষের সম্মতি পেলে জানুয়ারিতেই চালু হতে পারে।

ইউরোপে ঘণ্টায় প্রতি মেগাওয়াট প্রাকৃতিক গ্যাসের দাম নেমে এসেছে ৩০ ইউরোর নিচে, যা প্রায় দেড় বছরের সর্বনিম্ন। রাবোব্যাংকের এনার্জি স্ট্র্যাটেজিস্ট ফ্লোরেন্স স্মিট এ বিষয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার নতুন প্রচেষ্টা দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। নিষেধাজ্ঞা শিথিল হতে পারে বাজারে এমন ধারণা জোরালো হয়েছে।’

রোনাল্ড পিন্টো জানান, উষ্ণ আবহাওয়া, শক্তিশালী বায়ুবিদ্যুৎ উৎপাদন, পর্যাপ্ত এলএনজি ও পাইপলাইনের সরবরাহ সব মিলিয়ে আগামী সপ্তাহেও ইউরোপীয় বাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আর্গাসের হেড অব এলএনজি প্রাইসিং মার্টিন সিনিয়র বলেন, ‘‌রাশিয়া বছরে ১ কোটি ৯৮ লাখ সক্ষমতার আর্কটিক এলএনজি-২ টার্মিনাল থেকে এলএনজি সরবরাহের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলে বৈশ্বিক সরবরাহ আরো বেড়ে যাবে।’

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস জানিয়েছে, নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) আদর্শে উত্তর-পশ্চিম ইউরোপে ডিসেম্বরে সরবরাহের জন্য গত বৃহস্পতিবার প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ৯ ডলার ৪৭ সেন্ট। এটি টিটিএফের (নেদারল্যান্ডসের একটি ভার্চুয়াল গ্যাস ট্রেডিং হাব) ভবিষ্যৎ সরবরাহ চুক্তি মূল্যের তুলনায় ৪৬ সেন্ট কম।

আর্গাস এ দাম নির্ধারণ করেছে প্রতি এমএমবিটিইউয়ে ৯ ডলার ৪৯ সেন্ট। স্পার্ক কমোডিটিজ তা নির্ধারণ করেছে এমএমবিটিইউয়ে ৯ ডলার ৪২ সেন্ট।

স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান জানান, পানামা খাল হয়ে এশিয়ামুখী সরবরাহও সামান্য লাভজনক। তবে বর্তমানে সবচেয়ে বেশি লাভজনক যুক্তরাষ্ট্র থেকে উত্তর-পূর্ব এশিয়া পর্যন্ত উত্তমাশা অন্তরীপ হয়ে ইউরোপের দেশগুলোয় এলএনজি সরবরাহ।

আটলান্টিক মহাসাগরীয় পথে গত সপ্তাহে এলএনজি পরিবহন ব্যয় বেড়ে দাঁড়িয়েছে দৈনিক ১ লাখ ৪৬ হাজার ৭৫০ ডলার। এ সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভাড়া বেড়ে পৌঁছেছে দৈনিক ৮৯ হাজার ২৫০ ডলারে, যা ২০২৩ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ।