মোহাম্মদ আলী দ্বীন আনুষ্ঠানিকভাবে ২০২৩-২৬ মেয়াদের জন্য কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিআইএস-বিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল ঢাকায় মো. হাবিব উল্লাহ ডনের নেতৃত্বে বিদায়ী পরিচালনা পর্ষদ সিআইএস-বিসিসিআইয়ের সম্মেলন কক্ষে নতুন বোর্ডের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
বিদায়ী বোর্ডের পরিচালক ও এফবিসিসিআইয়ের সহসভাপতি রাশেদুল হোসেন চৌধুরী নতুন বোর্ডের সিনিয়র সহসভাপতি এবং বিদায়ী বোর্ডের সহসভাপতি যাদব দেবনাথ নতুন বোর্ডের সহসভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
সিআইএস-বিসিসিআইয়ের নতুন সভাপতি মোহাম্মদ আলী দ্বীন আগামী দিনে চেম্বারের কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমাদের সম্মিলিত প্রচেষ্টা সিআইএস দেশগুলোয় রফতানি বাড়ানোর লক্ষ্যে বেসরকারি খাতের প্রবৃদ্ধিকে আরো এগিয়ে নিয়ে যাবে।’
বিদায়ী সভাপতি মো. হাবিব উল্লাহ ডন বলেন, ‘আমরা সিআইএস-বিসিসিআইকে একটি নতুন উচ্চতায় উন্নীত করার জন্য বিগত ছয় বছর চেষ্টা করেছি। আমাদের কৌশলগত নীতিগত উদ্যোগ এবং পদক্ষেপগুলো ব্যবসায়ী সম্প্রদায় এবং বেসরকারি খাতকে এগিয়ে নিয়ে গেছে। আমি বিশ্বাস করি নতুন বোর্ড এ গতি অক্ষুণ্ন রাখবে।
পর্ষদের নবনির্বাচিত পরিচালকরা হলেন ড. যশোদা জীবন দেবনাথ, দিলীপ কুমার আগরওয়ালা, সালমা হোসেন এ্যাশ, ডা. লকিয়্যত উল্লাহ, সাফকাত হায়দার, তৌহিদা সুলতানা, আব্দুল লতিফ সরকার, মো. খায়ের মিয়া, মো. এনামুল হক, মো. হাসেন আলী,
মো. ফারুকউল ইসলাম শোভা, খান মো. ইকবাল, সুধীর চৌধুরী ও মো. রাজীব পারভেজ। —বিজ্ঞপ্তি









