গত জানুয়ারি থেকে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো
কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়ে যাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, প্রযুক্তি খাতে মোট ছাঁটাই
বছরের শেষ নাগাদ ৯ লাখ ছাড়াতে পারে। ফোর্বস ম্যাগাজিনকে উদ্ধৃত করে বিবিসি জানায়, বর্তমানে
যে কর্মী ছাঁটাই করা হচ্ছে তা আসলে কোম্পানিগুলোর অতীত ভুলের ফল।
সম্প্রতি সবচেয়ে বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা
দিয়েছে টেক জায়ান্টগুলো।
এ বিষয়ে ফোর্বস বলছে, মহামারীর সময় ঘরে থাকার
বাধ্যবাধকতার কারণে মানুষের জীবন ব্যাপকভাবে অনলাইনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। ফলে
অফিস থেকে শুরু করে কেনাকাটা বা সিনেমা দেখার জন্য একমাত্র উপায় ছিল অনলাইন।
এ পরিস্থিতিতে টেক কোম্পানিগুলো প্রবৃদ্ধির
বিস্ফোরণ দেখে। রেকর্ড পরিমাণ মুনাফার কারণে তারা উচ্চহারে বেতন ও সুবিধা দিয়ে প্রকৌশলী,
ডেভেলপার ও অন্য প্রযুক্তি কর্মীদের নিয়োগ দেয়। অনেক কোম্পানিই মনে করেছিল ‘নিউ নরমাল’
দীর্ঘস্থায়ী হবে। এ জন্য অনেক কোম্পানি দরকারের চেয়ে বেশি নিয়োগ করেছিল। এখন তাদের
প্রয়োজনীয়তা ফুরিয়েছে।
বিভিন্ন কোম্পানি কর্মী ছাঁটাইয়ের জন্য আলাদা
আলাদা কারণ দেখাচ্ছে। তবে মোটা দাগে বলা যায়, ধীর প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি রুখতে উচ্চ
সুদহার ও সম্ভাব্য মন্দার আশঙ্কা করছে তারা।
২০২০ সাল থেকে প্রযুক্তি কোম্পানিগুলোর কর্মী
ছাঁটাই নিয়ে কাজ করছে এমন একটি ওয়েবসাইট লেঅফস ডট এফওয়াইআই বলছে যে, এ বছরেই ২৯৭টি
প্রযুক্তি কোম্পানি মিলে প্রায় ৯৫ হাজার কর্মী ছাঁটাই করেছে। যা চলতে থাকলে বছরের শেষ
নাগাদ দাঁড়াবে ৯ লাখ।
চলতি মাসের শুরুর দিকে গুগল প্রায় ১২ হাজার
কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়, যা মোট কর্মী সংখ্যার প্রায় ৬ শতাংশ। মাইক্রোসফট প্রায়
১০ হাজার কর্মী ছাঁটাই করছে। সারা বিশ্বে কোম্পানিটির দুই লাখ ২০ হাজারের বেশি কর্মী
রয়েছে।
আমাজন তাদের এক শতাংশ অর্থাৎ ১৮ হাজার কর্মী
ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই মোট কর্মীর ৬ শতাংশ বা
৬০০ কর্মী ছাঁটাই করবে।
গত বছর নভেম্বরে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি
মেটা ১১ হাজার কর্মী ছাঁটাই করেছে। গুগলের প্যারেন্ট কোম্পানি আলফাবেট ছাঁটাই করেছে
১২ হাজার কর্মী। এছাড়া কয়েনবেইজ, ফ্লেক্সপোর্ট ও সেলসফোর্স বলেছে ১০ শতাংশ বা আরো বেশি
ছাঁটাই করবে। চিপ তৈরির কোম্পানি ইনটেল কর্মী ছাঁটাই করেছে এবং তারা নতুন প্রকল্পে
খরচও কমিয়ে দিয়েছে।
বাংলাদেশে শীর্ষস্থানীয় ই-কমার্স প্লাটফর্ম
দারাজ বাংলাদেশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। মূল প্রতিষ্ঠান দারাজ গ্রুপ তাদের ১১
শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)
মোট কর্মীর তিন শতাংশ অর্থাৎ প্রায় সাত হাজার ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ডিজনি।










