তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ধারণা তুলে ধরতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী ‘স্টার্টআপস শোকেস ২০২৫’। গত ১০ ও ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেশন প্ল্যাটফর্ম ‘এনএসইউ স্টার্টআপস নেক্সট’ এর উদ্যোগে এনএসইউ প্লাজা এলাকায় আয়োজনটি সম্পন্ন হয়। এতে অংশ নেয় এনএসইউর অধ্যয়নরত শিক্ষার্থী ও অ্যালামনাইরা।
উৎসবে এনএসইউ স্টার্টআপস নেক্সটের ফাউন্ডার্স ল্যাব ও ফ্ল্যাগশিপ ইনকিউবেশন প্রোগ্রামের উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত ৩০টিরও বেশি স্টার্টআপ অংশ নেয়। তারা নিজেদের উদ্ভাবনী ধারণা, পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে নতুন দিগন্ত উন্মোচন করে। আয়োজনে ছিল লাইভ প্রোডাক্ট প্রদর্শনী, স্টার্টআপ এক্সিবিশন ও নেটওয়ার্কিং সেশন। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, বিনিয়োগকারী, মেন্টর ও করপোরেট প্রতিনিধিরা। তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তাধারা দর্শকদের মুগ্ধ করে এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইনকিউবেশন সংস্কৃতির সাফল্যকে নতুন মাত্রায় নিয়ে যায়।
এনএসইউ স্টার্টআপস নেক্সটের ভারপ্রাপ্ত পরিচালক স্যামুয়েল মুরসালিন বলেন, এ শোকেস এনএসইউতে বাড়তে থাকা উদ্ভাবনের প্রাণবন্ত সংস্কৃতির প্রতিফলন। এখানে শিক্ষার উৎকর্ষতা, গবেষণা ও উদ্যোক্তা মনোভাব একত্রিত হয়েছে। তরুণ উদ্যোক্তারা শুধু ব্যবসা তৈরি করছেন না, বাস্তব জীবনের সমস্যার সমাধানও দিচ্ছেন, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।
প্রদর্শিত স্টার্টআপগুলো কৃষি প্রযুক্তি, আর্থিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসেবা, খাদ্য উদ্ভাবন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও অনলাইন বাণিজ্যসহ বিভিন্ন খাতে কাজ করছে। এসব উদ্যোগ এনএসইউয়ের উদ্যোক্তা সম্প্রদায়ের সৃজনশীলতা, বৈচিত্র্য ও দূরদৃষ্টি তুলে ধরে।
‘স্টার্টআপস শোকেস ২০২৫’ এনএসইউ স্টার্টআপস নেক্সটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন আরো দৃঢ় হয়েছে। তরুণ উদ্যোক্তাদের ক্ষমতায়ন, বিনিয়োগযোগ্য ধারণা বিকাশ ও প্রভাবশালী উদ্যোগ তৈরিতে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এতে প্রমাণিত হয়েছে, এনএসইউ শুধু উচ্চশিক্ষার উৎকর্ষতায় নয়, বরং আগামী প্রজন্মের উদ্ভাবক ও উদ্যোক্তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় নেতৃত্ব দিতে প্রস্তুত।
—বিজ্ঞপ্তি










