পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে বস্ত্র খাতের কোম্পানিটির চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

লোকসানের কারণে সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি সমতা লেদার কমপ্লেক্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৭ লাখ টাকা। আগের হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১১ লাখ টাকা। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১০ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৪ টাকা ৩৯ পয়সা। 

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের শূন্য দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সমতা লেদার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৯ পয়সা।