মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকার (এমসিসিআই) পরিচালনা পর্ষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কামরান তানভিরুর রহমান। হাবিবুল্লাহ এন করিম সিনিয়র সহসভাপতি এবং সিমিন রহমান সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত নতুন বোর্ডের প্রথম সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা কামরান তানভিরুর রহমানকে সভাপতি নির্বাচিত করেন। গতকাল এমসিসিআইয়ের ১১৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানানো হয়।
এমসিসিআই পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন মডার্ন ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তারেক মো. আলী, শেলটেক (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের পরিচালক উজমা চৌধুরী, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, পিকার্ড বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সায়ফুল ইসলাম, সাতগাঁও টি এস্টেটের ম্যানেজিং পার্টনার আরদাশীর কবির, ডব্লিউ অ্যান্ড ডব্লিউ গ্রেইনস করপোরেশনের পরিচালক আনিস এ খান, রহমান রহমান হকের সিনিয়র পার্টনার আদিব হোসেন খান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন, এম জে আবেদিন অ্যান্ড কোম্পানির অংশীদার হাসান মাহমুদ।









