পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (বিডি ফাইন্যান্স) কোম্পানি লিমিটেডের পরিচালক ইমতিয়াজ ইউসুফ তার বাবার থেকে উপহার হিসেবে ৪৩ লাখ ৬৭ হাজার ৬৬১টি শেয়ার গ্রহণ করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

তথ্য অনুসারে, ডিএসই থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর-সংক্রান্ত চিঠি ইস্যু-পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে গিফট হিসেবে এ শেয়ার গ্রহণ করবেন কোম্পানিটির পরিচালক। এ পরিচালকের বাবা হাজি মো. ইউসুফ কোম্পানিটির একজন সাধারণ শেয়ারহোল্ডার।

২০০৭ সালে শেয়ারবাজারে আসা আর্থিক প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৮৮ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২৬ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ২৬৭। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ৮৮ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ১০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫২ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিডি ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১১ পয়সা।